নয়াদিল্লি: প্রথম স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও দ্বিতীয় স্বামীর থেকে খোরপোশ পাওয়ার অধিকার রয়েছে স্ত্রীর। এমনই নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ওই মহিলার প্রথম স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। সেই অবস্থাতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কিন্তু, সেই সম্পর্কও টেকেনি। সেজন্য খোরপোশের দাবি জানিয়ে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলাও ঠোকেন স্ত্রী। পারিবারিক আদালত সায় দিলেও তা খারিজ করে দেয় তেলেঙ্গানা হাইকোর্ট। আদালত জানায়, ওই মহিলার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই তিনি দ্বিতীয় স্বামীর থেকে খোরপোশের যোগ্য নন।
Advertisement
সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। এদিন বিচারপতি বি ভি নাগারত্নে ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে তেলেঙ্গানা হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১২৫ ধারায় খোরপোশের অধিকারের কথা বলা আছে। সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে, খোরপোশের অর্থ স্ত্রীকে কোনও সুবিধা প্রদান নয়, এটা দেওয়া স্বামীর আইনত ও নৈতিক দায়িত্ব। এই নির্দেশের নেপথ্যে দু’টি কারণও উল্লেখ করেছে দুই বিচারপতির বেঞ্চ। তারা জানিয়েছে, ওই মহিলা দ্বিতীয় স্বামীর থেকে কোনও কিছু আড়াল করেননি। প্রথম বিবাহের ব্যাপারে সবটাই জানিয়েছিলেন। সব জেনেশুনেই বিয়ের জন্য রাজি হয়েছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি, চুক্তির মাধ্যমে প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন ওই মহিলা। তারপর থেকে তাঁদের মধ্যে কোনও যোগাযোগও ছিল না। তাই আইনি বিচ্ছেদ না হলেও প্রথম স্বামীর সঙ্গে ওই মহিলার কোনও বৈবাহিক সম্পর্ক ছিল না। তাই প্রথম বিবাহের কারণে তাঁকে কোনও অধিকার বা প্রাপ্য থেকে বঞ্চিত করা যায় না।



