সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার প্রায় ২০০জন মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সাফল্যের টিপস দিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। এদিন বিষ্ণুপুরের সরকারি বিএড কলেজে শিক্ষা সংক্রান্ত একটি সংগঠনের অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অভিভাবকরা হাজির হয়েছিলেন। সেখানে মহকুমা শাসক জানান পরীক্ষার সময় হাতে বেশি নেই। এই সময় অন্যান্য সমস্ত আসক্তিকে দূরে সরিয়ে কেবল পড়াশোনায় মনোযোগী হতে হবে। তিনি বিভিন্ন উদাহরণ তুলে ব্যাখা সহযোগে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে অভিমত দেন। তিনি এই সময় অভিভাবকদেরও ছেলেমেয়েদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভড়া কলেজের অধ্যক্ষা কাকলি ঘোষ সেনগুপ্ত সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। মহকুমা শাসক বলেন, সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে প্রায় সমান বিদ্যা দিয়েছেন। কেউ তাকে কাজে লাগায় আবার কেউ তা কাজে লাগায় না। আমি স্নাতক পাশ করার পর বহু ছাত্রছাত্রীকে পড়াতাম। তখনই দেখেছি, কিছু ছেলে-মেয়ে প্রথম দিকে মাঝারি মানের পড়াশোনা করলেও পরবর্তীতে কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের জোরে তারা সাফল্য পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনাকালে স্কুল ছুটির সময় ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছিল।



