Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবেশী জেলাগুলিতে আতঙ্ক ছড়িয়েছিল ‘বানজারা গ্যাং’

প্রতিবেশী জেলাগুলিতে আতঙ্ক ছড়িয়েছিল ‘বানজারা গ্যাং’
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের পাশাপাশি বীরভূম, হুগলি এবং পশ্চিম বর্ধমানে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল বানজারা গ্যাং। তাদের নজর থাকত মন্দিরের গয়নার দিকে। বিভিন্ন বেশ ধারণ করেই তারা ‘অপারেশন’ চালাত। তাদের কাছে প্রচুর ‘গুপ্তধন’ মজুত রয়েছে বলে পুলিস জানতে পেরেছে। অন্যান্য জেলার পুলিসও ধৃতদের জেরা করবে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ধৃতরা পূর্ব বর্ধমানেরও বিভিন্ন জায়গায় চুরি করেছে। শেষের দিকে গ্যাংটি বীরভূমের সাঁইথিয়ায় আশ্রয় নিয়েছিল। রবিবার রাতে আউশগ্রামের ভেদিয়া থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা মধু বিক্রির নামে বিভিন্ন গ্রামে হাজির হয়ে যেত। কারও বাড়িতে প্রাচীন মন্দির থাকলে সেখানেও মধু বিক্রেতা হয়ে তারা হাজির হতো। কী ধরনের অলঙ্কার মূর্তিতে রয়েছে তা তারা লক্ষ্য করত। তারপরই সুযোগ বুঝে রাতে এসে ‘অপারেশন’ চালাত। আবার কখনও পাখি ধরার নামে গ্রামে গিয়ে রেকি করত। 
Advertisement
পুলিস জানতে পেরেছে, ধৃতরা বীরভূমের বিভিন্ন জায়গায় চুরির অলঙ্কার বিক্রি করেছে। এছাড়া তাদের গুপ্ত জায়গাতেও অলঙ্কার লুকনো রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে সেগুলি উদ্ধার করা হবে। এক পুলিস আধিকারিক বলেন, ধৃতরা কোনও জেলায় গিয়ে টানা কয়েকদিন ধরে থাকত। বিভিন্ন দলে ভাগ হয়ে তারা অপারেশন চালাত। তবে তারা বড় মন্দিরগুলিতে যাওয়ার ঝুঁকি নেয়নি। সেখানে সিসি ক্যামেরা থাকে। খুব সহজে চিহ্নিত হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে তারা ছোট মন্দিরগুলিকে টার্গেট করত। এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। ধৃতরা পুলিসকে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তারা এই কাজ করত। বহু রূপ ধরে অপারেশন চালানোয় সহজে তাদের চিহ্নিত করা যায়নি। পূর্ব বর্ধমানে পরপর কয়েকটি মন্দিরে চুরির পর পুলিসের উপর চাপ বাড়তে থাকে। তারা নিজেদের সোর্স কাজে লাগিয়ে তাদেরকে চিহ্নিত করে। এক আধিকারিক বলেন, কয়েকদিনের মধ্যে তাদের আরও কয়েকটি মন্দিরে চুরি করার পরিকল্পনা ছিল। তার আগেই জালে তোলা হয়। বীরভূম জেলা পুলিস তাদের সম্পর্কে খোঁজ নিয়েছে। চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের জন্য পুলিস ধৃতদের জেরা করেছে। তবে বেশকিছু অলঙ্কার তারা বিক্রি করেছে। যে দোকানগুলিতে তারা অলঙ্কার বিক্রি করেছে সেগুলিও চিহ্নিত করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ