সংবাদদাতা, চাঁচল: রেশনে সামগ্রী কম দেওয়ায় প্রতিবাদ করায় গ্রাহককে মারধরের অভিযোগ উঠল ডিলারের ছেলেদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় চাঁচল থানার জানিপুরে। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়লে ছ’জন জখম হয়েছেন। তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। দু’পক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
অভিযোগ, শুক্রবার বিকেলে রেশন ডিলার জালালুদ্দিন আহমেদ এলাকায় রেশনের স্লিপ বণ্টন করতে যান। কম সামগ্রীর স্লিপ দেওয়ায় প্রতিবাদ করেন গ্রাহক আফজল হোসেন। তিনি মোবাইলে স্লিপের ছবিও তুলে রাখেন। অভিযোগ, শনিবার ডিলারের বাড়ির পাশ দিয়ে টোটো নিয়ে যাওয়ার সময় আফজলকে আটকে মারধর করেন রেশন ডিলারের ছেলেরা। মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আফজল বলেন, দুয়ারে রেশন পরিষেবা পাওয়া যায় না। গ্রামে এলেও কম সামগ্রী দিয়ে যায়। প্রতিবাদ করার জন্যই আক্রান্ত হতে হল। ডিলারের বাড়ির পাশ দিয়ে টোটো নিয়ে যাওয়ার সময় তার ছেলেরা একা পেয়ে মারধর করে। এদিকে ডিলারের পরিবারের দাবি, পুরনো শক্রতার জেরেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। কয়েকদিন আগে ডিলারের বাড়িতে রাখা চারচাকায় ধাক্কা মারে তিন চাকার গাড়ি। পরে দফায় দফায় বিভিন্ন জায়গায় একা পেয়ে ডিলারের ছেলেদের আটকে মারধর করা হয় বলে অভিযোগ। ডিলারের ছেলে মামুনউল্লাহ দাবি করেন, এদিন মারধর করার কারণ জিজ্ঞাসা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আফজল। পরে দলবল নিয়ে এসে আমাদের মারধর করেন। রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। চাঁচল থানার এক আধিকারিক বলেন, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



