অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। গত ২ ফেব্রুয়ারি তাঁর স্ট্রোক হয়। পরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন থেকেই তিনি স্নায়ুরোগ বিভাগের বিশেষ পর্যবেক্ষণে ছিলেন। ৪ ফেব্রুয়ারি হাসপাতালে গিয়ে আচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে সপ্তাহখানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও শেষরক্ষা হল না। চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরেই আচার্য সত্যেন্দ্র দাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। জানা গিয়েছে, ১৯৯২ সালে বাবরি ধ্বংসের সময় থেকেই তিনি রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন।



