নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী শ্রমিকদের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর ও তোলা চাওয়ার অভিযোগে মঙ্গলবার চার বিজেপি কর্মীকে পুলিস গ্রেপ্তার করেছে। এক ঠিকাদার সংস্থার অভিযোগের ভিত্তিতে গঙ্গাজলঘাটি থানা ওই চারজনকে গ্রেপ্তার করে বলে বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন। ধৃতদের এদিন বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রণজিৎ লায়েক, অভিজিৎ দুবে, দীপক দুবে ও গোপাল লোহার। তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকায় তাদের বাড়ি। ধৃতরা সকলেই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পুলিস সুপার বলেন, ধৃতদের বিরুদ্ধে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে মারধর ও তোলা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি-র স্থানীয় মণ্ডল সভাপতি বিপত্তারণ গড়াই বলেন, ভিনরাজ্য থেকে লোক এনে টাকার বিনিময়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ঢোকানো হচ্ছে। তাঁরা অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। অথচ স্থানীয় যুবকদের কাজে নেওয়া হচ্ছে না। কারা টাকার বিনিময়ে তাঁদের কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করেছিল, তা জানতেই শ্রমিকদের দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। মারধর বা তোলা আদায়ের অভিযোগ ভিত্তিহীন। আমাদের দলের চারকর্মীকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা সারাবছর দূষণ সহ্য করব আর বাইরে থেকে লোকজন এসে কাজ করবে, তা হতে দেওয়া যাবে না। এব্যাপারে আমরা প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব।



