সংবাদদাতা, রামপুরহাট: খেলাধুলোর প্রতি যুব সমাজের উৎসাহ বাড়াতে সিকিমে প্রাকৃতিক দুর্যোগে মৃত জওয়ান গোপাল মার্ডির আবক্ষ মূর্তি বসানো হল তাঁরই ছেড়ে যাওয়া খেলার মাঠে। ময়ূরেশ্বরের নান্দুলিয়া গ্রামে মৃত জওয়ানের বাড়ি। গোপাল ভালো ফুটবল খেলতেন। দিনের অধিকাংশ সময় তিনি মাঠেই কাটাতেন। ছুটি পেয়ে বাড়ি আসলেও মাঠই হয়ে উঠত তাঁর ঠিকানা। মৃত্যুর পর দেহ তাঁর প্রিয় মাঠে নিয়ে আসা হয়েছিল। সোমবার সেই মাঠেই তাঁর আবক্ষ মূর্তির উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম ও মৃত জওয়ানের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসের শুরুতে তিস্তা নদীর হড়পা বানে তছনছ হয় সিকিম। মৃত্যু হয় ২৩ জন সেনা জওয়ানের। যার মধ্যে ছিলেন ময়ূরেশ্বরের নান্দুলিয়া গ্রামের গোপাল মার্ডি (২৯)। সে জলপাইগুড়ির বিন্নাগুড়ির সেনাছাউনিতে পোষ্টিং ছিলেন। ওই সময় সিকিমের হরভজন সিং মন্দিরে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন। ওইদিন ডিউটি সেরে সেনা ছাউনিতে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে মৃত্যু হয় তাঁর ও সঙ্গে থাকা সেনা জওয়ানদের। সেই সময় সভাধিপতি মৃত জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি তিন লক্ষ টাকার চেক তুলে দেন। রাজ্য সরকার পরিবারের পাশে থাকবে। সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে ওই পরিবারকে যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।



