নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার প্রয়াত শিশুচিকিৎসক গৌরীশঙ্কর সুরের বসতবাড়ি চিকিৎসার জন্য দান করলেন তাঁর স্ত্রী। হুগলির শ্রমজীবী হাসপাতালের হাতে তিনি তাঁর বসতবাড়িটি তুলে দিলেন। প্রয়াত চিকিৎসক গৌরীশঙ্কর বসু দু’টাকার চিকিৎসক নামে চুঁচুড়ায় পরিচিত ছিলেন। চুঁচুড়ায় ঘড়িমোড় লাগোয়া মণিকোঠায় তাঁর বসতবাড়িটিই তাঁর পরিবার দান করেছে। তাঁর স্ত্রী শ্যামলী সুর জানিয়েছেন, প্রয়াত চিকিৎসক আজীবন সেবাধর্মে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর পরেও যাতে সেবার কাজ চালু থাকে সেই কারণেই শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়িটি দান করা হয়েছে। শ্রমজীবী হাসপাতালের অন্যতম কর্মকর্তা গৌতম সরকার বলেন, ইতিমধ্যেই বাড়িটিতে শ্রমজীবী হাসপাতালের বহির্বিভাগ চালু করা হয়েছে। গৌরীশঙ্করবাবুর সেবাধর্মের ধারাবাহিকতা অটুট থাকবে।