নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্টেশন পরিদর্শনে বেরিয়েও রেলের বিরুদ্ধে ক্ষোভের কথা শুনতে হল আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলাকে। বৃহস্পতিবার আদ্রা ডিভিশনের একাধিক রেল স্টেশন পরিদর্শনে বের হন ডিআরএম। তিনি বরাভূম স্টেশন পরিদর্শন করছিলেন। সেই সময় যাত্রীরা ট্রেন লেট থাকার কারণে ঘণ্টাখানেক ধরে প্ল্যাটফর্মে বসেছিলেন। ডিআরএমকে দেখেই নিজেদের সমস্যার কথা জানান যাত্রীরা। ডিআরএম বলেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তারজন্য সময় লাগছে। তবে, যাত্রীদের দাবি পূরণ করার সবরকম চেষ্টা করছে রেল। প্রসঙ্গত, আদ্রা ডিভিশনে রেলের সময়ানুবর্তিতা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে যাত্রীদের। এই শাখার অধিকাংশ ট্রেন কোনও টাইম টেবিল মানে না। রাতের ট্রেন এসে পৌঁছয় সকালে। ট্রেন লেট থাকার কারণে জেলার পর্যটনও মার খাচ্ছে ক্রমশই। এনিয়ে রেলকে বহু অভিযোগ জানিয়েছেন নাগরিকরা। যদিও তাতে বিশেষ হেলদল নেই রেলের।



