সংবাদদাতা, কাঁথি: পরিষেবায় গাফিলতির অভিযোগে মঙ্গলবার এগরার আলংগিরিতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। তাঁরা বিক্ষোভের পাশাপাশি স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে এগরা থানার পুলিস সেখানে যায়। গ্রাহকদের বুঝিয়ে তালা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন পুলিস আধিকারিকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরিষেবার ব্যাপারে সদর্থক আশ্বাস না দেওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়ে দেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ এব্যাপারে আশ্বাস দিলে তালা খোলা হয়। স্বাভাবিক হয় পরিষেবা। গ্রাহকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ব্যাঙ্কে ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। লোন পাশ হয়ে যাওয়ার পরও নানা অজুহাতে ফেলে রাখা হয়। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ব্যাঙ্ককর্মীরা। দিনের পর দিন ঘোরানো হয়। আরও নানা অভিযোগ রয়েছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। স্থানীয় বাসিন্দা নিশীথরঞ্জন মান্না বলেন, আমার মেয়ের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলাম। তারপর থেকে ছ’মাসের বেশি সময় ধরে ব্যাঙ্কে অনেকবার ঘুরেছি। কিন্তু কোনও প্রতিকার হয়নি। আর এক গ্রাহক শেখ মুজিবর রহমান বলেন, আমি কেওয়াইসি করার জন্য অনেকদিন আগে যাবতীয় আবেদন জমা দিয়েছিলাম। বহুবার ব্যাঙ্কে ছোটাছুটি করার পর আমার কাজ হয়। বহু গ্রাহক প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এব্যাপারে ব্যাঙ্কের ম্যানেজার নির্ঝর সিং বলেন, গ্রাহকরা কিছু দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। আমরা গ্রাহকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী দিনে যাতে পরিষেবা ঠিকঠাক হয়, তার জন্য কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।



