সংবাদদাতা, মানকর: পূর্ব বর্ধমানের গলসি-১ ব্লকের পুরষা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে প্রধান শিক্ষকের ঘরসহ আর একটি অফিসে আলমারির তালা ভেঙে বহু গুরুত্বপূর্ণ ফাইল ও টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। গলসি থানার পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
Advertisement
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের কর্মী সন্ধ্যারানি বাউরি এসে দেখেন গেটের ও আলমারির তালা ভাঙা। দেখা যায় কাগজপত্র তছনছ হয়ে রয়েছে। তারপরেই অন্যান্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে থানায় খবর দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আজহারউদ্দিন বলেন, সকালে এক শিক্ষাকর্মী আমাকে এই বিষয়টি জানান। বিদ্যালয়ে দু’টি অফিস রয়েছে। প্রথম অফিসে চারটি ও দ্বিতীয় অফিসে তিনটে আলমারির তালা ভাঙা হয়েছে। আলমারিতে বিদ্যালয়ের প্রশাসনিক সহ বিভিন্ন কাগজপত্র ও পড়ুয়াদের দেওয়া ফি-র টাকা ছিল। বিদ্যালয়ের সভাপতি শেখ মহম্মদ আলি বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পারি অফিস ও পাশের রুমে তালা ভাঙা। আনুমানিক ২১ হাজার টাকার মতো চুরি হয়েছে। এখন ভর্তি প্রক্রিয়া চলছে। তাই চোর হয়তো অনুমান করেছিল অনেক টাকা থাকবে। কিন্তু নিয়মিত ব্যাঙ্কে টাকা জমা করায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। প্রায় এক লক্ষ ৪৬ হাজার টাকা জমা হয়েছিল। মাত্র চার হাজার টাকা রেখে বাকি টাকা ব্যাঙ্কে জমা করা হয়। বাকি খাতে কিছু টাকা ছিল। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ে সিসিটিভি রয়েছে। যার হার্ডডিক্সও চুরি গিয়েছে। এই হার্ডডিক্স বিদ্যালয়ের দ্বিতীয় অফিসে রাখা ছিল। ল্যাপটপ, প্রিন্টারে চোর হাত দেয়নি। গলসি থানার পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ে সিসিটিভি রয়েছে। যার হার্ডডিক্সও চুরি গিয়েছে। এই হার্ডডিক্স বিদ্যালয়ের দ্বিতীয় অফিসে রাখা ছিল। ল্যাপটপ, প্রিন্টারে চোর হাত দেয়নি। গলসি থানার পুলিস ঘটনার তদন্তে নেমেছে।



