Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিস্রুত জল পরিষেবায় বিঘ্ন ঘটাচ্ছে টুলু পাম্প, রাসমেলার পরই বাড়ি বাড়ি অভিযান পুরসভার

পরিস্রুত জল পরিষেবায় বিঘ্ন ঘটাচ্ছে টুলু পাম্প, রাসমেলার পরই বাড়ি বাড়ি অভিযান পুরসভার
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা যেন কিছুতেই মিটছে না। দিন কয়েক আগে গ্যাসের পাইপ লাইন বসাতে গিয়ে জলের পাইপ লাইন ফেটেছে। ফলে বেশকিছু এলাকায় জল পরিষেবা মিলছে না বলে অভিযোগ আসা শুরু করেছে। তবে এই পরিস্থিতির জন্য নাগরিকদের একাংশকে দায়ী করেছেন পুরকর্তারা। কারণ, শহরের বাসিন্দাদের একাংশ অবৈধভাবে টুলু পাম্প ব্যবহার করছেন। এভাবে প্রায় পাঁচ হাজার চলছে শহরে। একাংশ টুলু পাম্প পুরসভার জলের পাইপলাইনের সঙ্গে জুড়ে দিচ্ছেন অনেকে। আর এতেই সমস্যা সৃষ্টি হচ্ছে। পুরসভার কলে ঠিকমতো জল যাচ্ছে না। ফলে অনেকেই পানীয় জল না পেয়ে বিপদে পড়েছেন। 
Advertisement
এর বিরুদ্ধে বন্দোবস্ত নেবে পুরসভা। রাসমেলা মিটলেই টুলু পাম্পের বিরুদ্ধে অভিযানে নামবে পুরসভা। রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করা হবে। টুলু পাম্প লাইনের সঙ্গে যুক্ত থাকলে তা সিজ করবেন পুর আধিকারিকরা। সেই পরিবারকেও জরিমানা করা হবে। টুলু পাম্প ব্যবহার করা বেআইনি বলে জানিয়েছে পুরসভা।
এই ব্যাপারে পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শহরের মধ্যে সরাসরি টুলু পাম্প ব্যবহার করা হচ্ছে। একটা লাইনে যদি অনেক টুলু পাম্প ব্যবহার করা হয়, তাহলে সেই রাস্তায় জল যাবে কি করে? টুলু পাম্প ব্যবহার করা পুরোপুরি বেআইনি। নিজেদের রিজার্ভার থেকে জল তুললে কোনও সমস্যা নেই। কিন্তু পুরসভার জলেরলাইন থেকে কিছু বাসিন্দা সংযোগ করে নিচ্ছেন। পাঁচ হাজার টুলু পাম্প চলায় জলের গতি কমে গিয়েছে। সব বাড়িতে জল পেতে সমস্যা হচ্ছে। রাসমেলার পর আমরা অভিযান করব। রবির সংযোজন, প্ল্যান পাশ করানোর সময় অনেকে রিজার্ভার হিসেবে দেখান। কিন্তু পরে আর সেটা না করে টুলু পাম্প ব্যবহার করেন।
পুরসভা এলাকায় একটা বড় অংশের মানুষ তোর্সার পরিস্রুত পানীয় জল পান। বহু মানুষ গভীর নলকূপের জল পরিষেবা পান। মাটির নীচের পাইপ লাইন দিয়ে এই জল বাড়ি বাড়ি পৌঁছয়। অনেক বাড়িতে এই দুই ধরনের জলের সংযোগ রয়েছে। পুরসভা এলাকায় রাস্তার কাজ, গ্যাসের পাইপলাইন বসানোর কাজ হয়। এসবের কারণেও মাঝেমাঝে জলের পাইপ লাইন ফেটে সমস্যা হয়। কিন্তু, যথেচ্ছ পরিমানে টুলু পাম্প ব্যবহারও এখন পুরসভার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত সংবাদ