সংবাদদাতা, রঘুনাথপুর: অবশেষে ৮ দিন পর মহকুমা প্রশাসনের মধ্যস্থতায় রঘুনাথপুর ২ নম্বর ব্লকের নিলডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিষেবা চালু হল। মিড ডে মিল চালু করতে বৃহস্পতিবার রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, রঘুনাথপুর-২ নম্বর ব্লকের বিডিও পঙ্কজ দাস, অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ হেমব্রম বিদ্যালয়ে যান। সেখানে স্কুল পরিচালন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নিয়ে আলোচনায় বসেন। বের হয় সমাধান সূত্র। এক সপ্তাহ পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাতে পড়ল ডাল, ভাত, আলু টমেটো পোস্ত। পরিচালন কমিটির সভাপতি চেকে সই না করায় তিন মাস ধরে অস্থায়ী কর্মী ও মিড ডে মিল রান্নার কাজ করা কর্মীদের বেতনও আটকে ছিল। এবার তাঁদের বেতন পেতে আর কোনও অসুবিধা রইল না। ছাত্রছাত্রী, অস্থায়ী কর্মী, রান্নার কাজ করা কর্মী থেকে অভিভাবক সকলে খুশি। বিডিও বলেন, বিদ্যালয়ের সমস্যা মিটেছে। মিড ডে মিল চালু হয়েছে। পরিচালন কমিটির সভাপতি সমস্ত চেকে সই করেছেন।



