Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশিক্ষণ নিতে যাওয়া শিক্ষকদের জায়গায় ‘সার্ভিস প্লেসমেন্ট’ শিক্ষক প্রাথমিক স্কুলে পঠনপাঠন সচল রাখতে উদ্যোগী গাজোল সার্কেল

প্রশিক্ষণ নিতে যাওয়া শিক্ষকদের জায়গায় ‘সার্ভিস প্লেসমেন্ট’ শিক্ষক প্রাথমিক স্কুলে পঠনপাঠন সচল রাখতে উদ্যোগী গাজোল সার্কেল
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল সার্কেলের আকন্দা, বোমকা, দুর্গাপুর সহ ১১টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক এবং শিক্ষিকা আগামী দু’বছরের জন্য ডিএলএড কোর্স করতে যাচ্ছেন। কোর্স চলাকালীন ওই শিক্ষকরা ক্লাস নিতে পারবেন না। ওই স্কুলগুলিতে পঠনপাঠন যাতে ব্যাহত না হয় সেই ঘাটতি মেটাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। অন্য স্কুল, যেখানে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, সেখান থেকে ১২ জন শিক্ষককে এনে ওই শূন্যস্থান পূরণ করা হচ্ছে। গাজোল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় বলেন, আমাদের চক্রের অধীনে কিছু স্কুলে শিক্ষকের অনুপাতে ছাত্র কম রয়েছে। যেখানে ছাত্র খুবই কম, শুধুমাত্র ওই স্কুলগুলি থেকে ১২ শিক্ষক এবং শিক্ষিকাকে সার্ভিস প্লেসমেন্ট করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষকরা।
Advertisement
বিষয়টি নিয়ে বোমকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপকুমার রায় বলেন, আমার স্কুলে ৩২ জন পড়ুয়া। দু’জন শিক্ষক। একজন ডিএলএড কোর্স করতে যাবেন। সেজন্য অন্য আরেকজন ‘সার্ভিস প্লেসমেন্ট’ শিক্ষক কিছুদিন আগে স্কুলে যোগদান করেছেন। 
কোর্স সম্পূর্ণ করে আগের শিক্ষক কাজে যোগ দিলেও ‘সার্ভিস প্লেসমেন্ট’ শিক্ষকদের ওই স্কুলেই রেখে দেওয়ার দাবি তুলেছেন প্রধান শিক্ষকরা। বোমকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, আমরা স্থানীয় সার্কেলকে বিষয়টি জানাব। সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, কিছু স্কুলে পূর্ণ শিক্ষক দরকার। এটা আমাদের হাতে নেই। আগামী দিনে বিষয়টি খতিয়ে দেখা হবে। 
গাজোল চক্রে আশিটি প্রাইমারি স্কুল রয়েছে। সার্কেল সূত্রে জানা গিয়েছে, তার মধ্যে রসিকপুর, রাঙামাটি, মালঞ্চ, মাসিমপুর, দোহাস, কেএস বাবলাবোনা, মশালদিঘি, ধরাইল, নওদা, মধুডাঙ্গা, জামালপুর প্রাথমিক স্কুল থেকে মোট ১২ জন শিক্ষক এবং শিক্ষিকাকে সার্ভিস প্লেসমেন্ট করে আকন্দা সহ ১১টি স্কুলে দেওয়া হয়েছে।  
সম্পর্কিত সংবাদ