নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি সহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার পার্শ্বশিক্ষকরা বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। এদিন দুপুরে ফেস্টুন, ব্যানার নিয়ে পার্শ্বশিক্ষকরা বাঁকুড়া শহরে মিছিল করেন। পরে তাঁরা জেলা কালেক্টরেটে পৌঁছন। সমকাজে সমবেতনের দাবিতে দীর্ঘদিন ধরেই পার্শ্বশিক্ষকরা আন্দোলন চালাচ্ছেন। স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস নিলেও তাঁরা তুলনামূলকভাবে অনেক কম বেতন পান বলে অভিযোগ। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ বা বেতনবৃদ্ধির দাবিদাওয়া পূরণের এক্তিয়ার আমাদের নেই। ডেপুটেশন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।



