নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পুরশুড়া থানার এক সিভিক ভলান্টিয়ারের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাহেব বেরা(৩৯)। তাঁর বাড়ি পুরশুড়া থানার বৈকুণ্ঠপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সাহেববাবু পুরশুড়া থানার সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। পুলিসের এক আধিকারিক বলেন, শুক্রবার তিনি ট্রাফিকের ডিউটি সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। কোনও অজানা গাড়ির ধাক্কায় ওই সিভিক ভলান্টিয়ারের বাইক রাস্তার পাশে থাকা একটি ইটের গাদায় গিয়ে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁপাডাঙা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় আরজি কর হাসপাতালে রেফার করা হয়। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।



