নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁচ বছর পর জামিন পেয়ে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে এলেন আনিসুর রহমান। দলের নেতাকে স্বাগত জানাতে পাঁশকুড়া থেকে তাঁর কয়েকশো অনুগামী এদিন ফুলের মালা, পুষ্পস্তবক ও কাটআউট নিয়ে কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। শুধু কর্মীরাই নন, পাঁশকুড়া থেকে দলের একঝাঁক নেতাও আনিসুরকে স্বাগত জানাতে প্রেসিডেন্সির বাইরে অপেক্ষা করেছিলেন। দলের পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায়, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কবিতা ঘড়া সহ আরও অনেকেই এদিন আনিসুরের জামিনের খুশিতে কলকাতায় হাজির হন। পুষ্পস্তবক, ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয় আনিসুরকে। জামিন পেলেও পাঁশকুড়ায় ফিরতে পারবেন না ওই তৃণমূল নেতা। কলকাতাতেই তাঁকে থাকতে হবে। আদালতের শর্ত অনুযায়ী কলকাতায় আপাতত তিনি থাকছেন। তবে, আনিসুরের জামিনে খুশি পাঁশকুড়ার তাঁর অনুগামী তৃণমূল নেতা-কর্মীরা।



