সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে বোধোদয় হল শিলিগুড়ি ট্রাফিক পুলিসের। ৭২ ঘণ্টার মধ্যে পরপর দু’টি মৃত্যুর ঘটনার জেরে শুক্রবার থেকে ইস্টার্ন বাইপাসে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের আশিঘর ও ভক্তিনগর থানার ট্রাফিক গার্ড বিভাগ। এদিন সকাল থেকে দেখা যায় এই রাস্তার বিভিন্ন জায়গায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাইক, স্কুটার হেলমেট ছাড়া চালানোর ঘটনায় অনেককে জরিমানা করতে। গত সোমবার সন্ধ্যায় ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। মায়ের সঙ্গে স্কুটারে চেপে টিউশনি যাচ্ছিল ওই শিশু। তার ৭২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালে ইস্টার্ন বাইপাসের কাছে ইসকন মন্দির রোডে লরির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। এর আগেও ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই ট্রাফিক পুলিসের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বাইপাসে পথবাতি বসানোর দাবিতে সোচ্চার হয়েছে এলাকার মানুষ। পরপর দু’টি মৃত্যুতে প্রবল চাপ সৃষ্টি হয় ট্রাফিক পুলিসের উপর। তার জেরেই এদিন সকাল থেকে ট্রাফিক পুলিসের এই বিশেষ তৎপরতা। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, এখন ইস্টার্ন বাইপাসে ট্রাফিকের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



