Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় নিম্মমানের ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে বিক্ষোভ

কাঁকসায় নিম্মমানের ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: কাঁকসা পঞ্চায়েতের পালপাড়ায় ঢালাই রাস্তা নির্মাণে নিম্মমানের কাজের অভিযোগ তুললেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ৫০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু সোমবার বাসিন্দারা দেখেন, এই ঢালাই রাস্তার বেশিরভাগ অংশেই ফাটল ধরেছে। হাত দিয়ে তুললেই উঠে আসছে সিমেন্ট। তারপরেই নিম্মমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণের দাবি তোলেন তাঁরা। কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। পাকা রাস্তা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জল জমে কাদা হয়ে যেত। তাতে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তেন স্থানীয়রা। তাই দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ মিটারের এই রাস্তা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু নতুন রাস্তা নির্মাণ করা হলেও নিম্মমানের কাজ হয়েছে। তাতে ভোগান্তি আরও বাড়বে। 
স্থানীয় বাসিন্দা রহিম মোল্লা বলেন, নতুন রাস্তা হওয়ার খবরে আমরা আনন্দিত ছিলাম। কিন্তু রাস্তা গতকাল ঢালাই হয়েছে, আর আজ ভেঙে গিয়েছে। এখানে দুর্নীতি হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, ঠিকাদার বলছে চার ইঞ্চি ঢালাই আছে। কিন্তু আমরা দেখেছি এক থেকে দেড় ইঞ্চি ঢালাই রয়েছে। রাস্তা ঢালাই কবে হবে তাও আমাদের আগে থেকে জানানো হয়নি। 
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারকে এলাকার মানুষ রবিবার রাস্তা ঢালাই করতে বারণ করলেও তিনি শোনেননি। ওইদিনই রাস্তা ঢালাই করে দেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বাধা দিলে হুমকিও শুনতে হয়েছে। শেখ আশরফ বলেন, আমরা চাই নতুন করে রাস্তা ঢালাই হোক। আর তদন্ত করলেই দুর্নীতি হয়েছে কি না বেরিয়ে আসবে।
 বিজেপি নেতা রমন শর্মা বলেন, গ্রাম পঞ্চায়েতের নিয়ম আছে, কাজের আগে গ্রামসভা করতে হয়। কিন্তু এখানে তৃণমূলের কয়েকজন নেতার একটা সভা হয়। দিল্লি থেকে অর্থ নিয়ে দুর্নীতি হচ্ছে। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, ঠিকাদার ও স্থানীয় নেতার যোগসাজশে দুর্নীতি হচ্ছে। যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, আমাদের সরকার সব সময় উন্নয়নের পক্ষে। ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ