Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার টাকা না মেলায় মুরারই ও সিউড়িতে বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনার ভাতা না পেয়ে শুক্রবার মুরারই-২ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা। তাঁদের অভিযোগ, একবারও তাঁদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। যোগ্য হয়েও তাঁরা বঞ্চিত।

অন্নপূর্ণার টাকা না মেলায় মুরারই ও সিউড়িতে বিক্ষোভ
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: অন্নপূর্ণা যোজনার ভাতা না পেয়ে শুক্রবার মুরারই-২ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বঞ্চিত মহিলারা। তাঁদের অভিযোগ, একবারও তাঁদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। যোগ্য হয়েও তাঁরা বঞ্চিত। প্রকল্পের বকেয়া টাকা অবিলম্বে দেওয়া না হলে আগামী নির্বাচনে তাঁরা ভোট দেবেন না। সোনালি হালদার নামে এক বিক্ষোভকারী বলেন, অনলাইনে সব নিয়ম মেনে আবেদন করার পরেও টাকা ঢুকছে না। অথচ এলাকার অনেকেই সুবিধা পাচ্ছেন। আমাদের কোনো আইটি ফাইল নেই বা আর্থিক সচ্ছলতা নেই, তা সত্ত্বেও কেন তালিকা থেকে আমাদের বাদ দেওয়া হল? বিক্ষোভকারী মহিলাদের দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর মতো অন্নপূর্ণা যোজনার সুবিধাও সমস্ত মহিলার জন্য সমানভাবে সুনিশ্চিত করতে হবে। বেছে বেছে কয়েকজন সুবিধা পাবেন, আর বাকিরা আবেদন করে দিনের পর দিন বিডিও ও পঞ্চায়েত অফিসে ঘুরবেন, তা মেনে নেওয়া হবে না। সমস্যার প্রতিকার চাইতে পঞ্চায়েতে গেলে বিডিও অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর বিডিও অফিসে এলে দায় এড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মহিলারা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত বকেয়া টাকা না মেটানো হলে আগামী দিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। সিউড়ি-২ ব্লক অফিসেও বহু মহিলা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। কেন তাঁরা টাকা পাননি, তা নিয়ে জবাব চাইতে থাকেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ