Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মানকরে বেহাল রাস্তা ও জল সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ

মানকরে বেহাল রাস্তা ও জল সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: শুক্রবার মানকরের পূর্বপাড়ায় পানীয় জলের সঙ্কট ও রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাস্তাটি বহুদিন ধরে বেহাল দশায় পড়ে থাকলেও প্রশাসন সেটি ঢালাই করতে উদ্যোগী হয়নি। অথচ এলাকায় গলির রাস্তা পাকা করা হচ্ছে। এদিন স্থানীয়রা পাশের ওই রাস্তার কাজে বাধা দেন। ফলে কাজ বন্ধ হয়ে যায়।

Advertisement

এবিষয়ে গলসি-১এর বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, নির্দিষ্ট অ্যালটমেন্ট অনুসারে রাস্তার কাজ হয়। কিছুদিন আগেই মানকরে বৈঠক করেছি। ওঁরা যে রাস্তার কথা বলছেন, সেটা ধরা আছে। যে রাস্তায় এখন কাজ হচ্ছে, সেটা নিয়ম মেনেই হচ্ছে। পানীয় জলের সমস্যা অবশ্য রয়েছে। পিএইচই’র কাজ এখনও সব জায়গায় শেষ হয়নি। পূর্বপাড়ার বাসিন্দারা জানান, বেহাল রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী বাগ বলেন, ২০২১ সাল থেকে রাস্তাটি ঢালাইয়ের জন্য অনুমোদন হয়ে আছে। অথচ বহুদিন হয়ে গেলেও রাস্তার হাল ফেরেনি। পঞ্চায়েতে বহুবার আবেদন করা হয়েছে। প্রতিশ্রুতিও মিলেছে। কিন্তু রাস্তা একইরকম রয়ে গেছে। তাই পাড়ার সবাই মিলে আন্দোলনে নেমেছি। তাঁর অভিযোগ, ভোটের সময় প্রার্থীরা এসে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু রাস্তার হাল একইরকম রয়েছে। বিক্ষোভকারীরা জানান, তাঁরা খুব কষ্টের মধ্যে রয়েছেন। বৃষ্টি হলে রাস্তা কাদা হয়ে যায়। তখন চলা যায় না। এলাকার বাসিন্দা মিঠু সেনাপতি বলেন, রাস্তায় মোরাম বা ঢালাই কিছুই হয়নি। রাস্তার বেহাল দশার জন্য চাষিদের অসুবিধা হয়। মাঠ থেকে ধান আনতে সমস্যা হয়। এদিন স্থানীয়রা অন্য গলির রাস্তা ঢালাইয়ে বাধা দিলে বুদবুদ থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঢালাইয়ের কাজ এদিন আর শুরু হয়নি।বিক্ষোভকারীরা এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও সরব হয়েছেন। তাঁরা জানান, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও জল আসে না। এলাকার বেশকিছু নলকূপ একবছর ধরে খারাপ হয়ে রয়েছে। অভিযোগ, বিষয়টি জানালে পঞ্চায়েত বলছে, কল সারানোর জন্য মিস্ত্রির খরচ তারা দিতে পারবে না।গলসি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, ২০২৫-’২৬ অর্থবর্ষে ওই রাস্তার কাজ অনুমোদিত হয়েছে। কিন্তু ওখানে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে গার্ডওয়াল দিয়ে রাস্তা তৈরি হবে। এজন্য পুকুরের মালিককে ডাকা হয়েছে। জলের সমস্যাও মিটে যাবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ