নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্কুলের জমিতে বহুতল নির্মাণের পরিকল্পনার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে। বৃহস্পতিবার দুপুরে দেশবন্ধু বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্কুলের প্রাক্তন ছাত্র ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্কুলটি বন্ধ করে দিয়ে ওই জমি প্রোমোটিংয়ের কাজে ব্যবহার করা হতে পারে বলে তাঁদের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে জমির মালিকের দাবি, স্কুল বন্ধ নয়, বরং ভগ্নপ্রায় বাড়ির বদলে নতুন স্কুল বিল্ডিং তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে রয়েছে দেশবন্ধু বিদ্যালয়। ইংরেজ আমলে এই জায়গাতেই ছিল কর্টন সাহেবের বাড়ি। পরে প্লেগ মহামারির সময় সেখানে অস্থায়ী হাসপাতাল তৈরি হয়। এরপর শুরু হয় বোর্ডিং স্কুল। ১৯৫৪ সালে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল হিসাবে দেশবন্ধু বিদ্যালয়ের পথচলা শুরু হয়। একসময় এলাকায় যথেষ্ট সুনাম ছিল এই স্কুলের। বর্তমানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হলেও পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্কুল বিল্ডিংয়ের জায়গায় বহুতল নির্মাণের পরিকল্পনা করছেন স্থানীয় এক প্রোমোটার। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপকুমার দাস বলেন, মাসিক ৩০০ টাকা ভাড়ায় স্কুল ভবন চলছে। এখানে নির্মাণের কাজে সম্মতি না দেওয়ায় গত ১৫ সেপ্টেম্বর তাঁকে ফোন করে মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি, তাঁর বিরুদ্ধে মোটা টাকা চাওয়ার অভিযোগ তোলার চেষ্টা হয়েছে বলেও দাবি। এই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি দিয়েছেন তিনি। এদিকে, অভিযোগ অস্বীকার করে জমির মালিকের দাবি, চলতি বছরের গোড়ায় তিনি জমিটি কিনেছেন। প্রায় চার হাজার বর্গফুট জমি স্কুলকে বিনামূল্যে দিয়ে বাকি অংশে নতুন ভবন তৈরির প্রস্তাব দেন তিনি। তাঁর দাবি, বর্তমানে বাড়িটি বিপজ্জনক বলে পুরসভা নোটিস দিয়েছে এবং স্কুল শিক্ষাদপ্তরের তরফে শর্তসাপেক্ষে নতুন স্কুল ভবন নির্মাণের অনুমতিও রয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের একাংশ তাতে বাধা দিচ্ছে। তাঁদের বিরুদ্ধেও থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি। সামগ্রিক বিষয় নিয়ে জেলা স্কুল পরিদর্শক বিমলকৃষ্ণ গায়েন বলেন, ‘টিচার ইনচার্জের চিঠি পেয়েছি। স্কুলটি পরিদর্শনও করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’ নিজস্ব চিত্র