Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানি ক্রিকেটারদের অভিবাসী ভেবে ব্রিটেনে বিক্ষোভ, তীব্র চাঞ্চল্য

ভুল করে পাকিস্তানি খেলোয়াড়দের অভিবাসী ভেবে বিক্ষোভ বিলেতে। পরক্ষণেই অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরে মুখোশধারী বিক্ষোভকারীরা ফিরে যান।

পাকিস্তানি ক্রিকেটারদের অভিবাসী  ভেবে ব্রিটেনে বিক্ষোভ, তীব্র চাঞ্চল্য
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভুল করে পাকিস্তানি খেলোয়াড়দের অভিবাসী ভেবে বিক্ষোভ বিলেতে। পরক্ষণেই অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরে মুখোশধারী বিক্ষোভকারীরা ফিরে যান। এমনিতেই অভিবাসী বিরোধী বিক্ষোভের জেরে উত্তপ্ত দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথ শহর। এই আবহে শহরে পাকিস্তানি জুনিয়র ক্রিকেটারদের অভিবাসী ভেবে বিক্ষোভের জেরে সেই উত্তাপ বেড়েছে বহুগুণ। ইংল্যান্ডের সঙ্গে ইউথ ক্রিকেট সিরিজ খেলতে এখন সেদেশে রয়েছে পাকিস্তানের আন্ডার-১৯ টিম। মঙ্গলবার পাকিস্তানি দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা যখন টিম বাস থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছিলেন, তখন সেখানে হাজির হয় মুখোশধারী যুবকরা। তাঁরা অভিবাসন বিরোধী স্লোগান দিতে থাকেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি খবরের জেরে বিতর্কের সূত্রপাত। ভাইরাল সেই খবরে জানানো হয়, কিছু এশীয় যুবককে ম্যারিয়ট হোটেলে রাখা হয়েছে। এরপরেই সেখানে হাজির হন মুখোশধারীরা। খবর পেয়ে হোটেলে আসেন অভিবাসন বিরোধী দল ‘রিফর্ম ইউ’কে দলের হাম্পশায়ার কাউন্সিলের নেতা জর্জ ম্যাডগউইক। পুলিশ ও ম্যাডগউইক মিলে পরিস্থিতি সামাল দেন। ম্যাডগউইক বলেন, ‘কোচের সঙ্গে কথা হল। তিনি পরিস্থিতি বুঝতে পেরেছেন। এরপর বিক্ষোভকারীদের বললাম— তোমরা ভুল করছ। এটা ক্রিকেট টিম। কয়েক মিনিটের মধ্যেই তারা চলে যায়। ভুল বোঝাবুঝির জেরেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল।’ এমনিতে অভিবাসী বিরোধী বিক্ষোভে ফুটছে ব্রিটেন। শনিবার ডোভার সমুদ্র বন্দরে শরণার্থী বোঝাই একটি নৌকাকে আটকে দেয় মুখোশধারী বিক্ষোভকারীরা। এই পথেই ইংল্যান্ড হয়ে শরণার্থীরা ফ্রান্স পৌঁছয়। এরপর শরণার্থী বোঝাই একটি বাসকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় পোর্টসমাউথ শহরে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ