Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণার টাকা না মেলায় বিক্ষোভ পুরসভা-পঞ্চায়েতে, ছোড়া হল ডিম

বৃহস্পতিবারের পর শুক্রবারও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন বহু মহিলা। কলকাতা সংলগ্ন তিন জেলায় পুরসভা ও পঞ্চায়েত ভবনে গিয়ে ক্ষোভ উগরে দেন মহিলা আবেদনকারীরা।

অন্নপূর্ণার টাকা না মেলায় বিক্ষোভ পুরসভা-পঞ্চায়েতে, ছোড়া হল ডিম
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও হাওড়া ও সংবাদদাতা, কাকদ্বীপ: বৃহস্পতিবারের পর শুক্রবারও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন বহু মহিলা। কলকাতা সংলগ্ন তিন জেলায় পুরসভা ও পঞ্চায়েত ভবনে গিয়ে ক্ষোভ উগরে দেন মহিলা আবেদনকারীরা। বিক্ষোভ দেখানো হয় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে, হাওড়ার ডোমজুড় ও দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। ডোমজুড়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। প্রধানকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। 

Advertisement

টাকা না পেয়ে এদিন দুপুরে মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভ দেখান মহিলারা। সঙ্গে বিজেপি কর্মীরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের দাবি, অধিকাংশ আবেদন এখনও পোর্টালে আপলোড করা হয়নি। ফলে বহু উপভোক্তা  টাকা পাননি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ২৪ হাজার ৭৪৪টি আবেদন জমা পড়েছে। ১ জুলাই টাকা পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৩ জন। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিজেপির দাবি, প্রশাসনিক ব্যর্থতার কারণে প্রায় ১৯ হাজার ২৩১ জন বঞ্চিত হয়েছেন। যদিও পুরসভার এগজিকিউটিভ অফিসার রাজেন্দ্র মাহাতো অভিযোগ অস্বীকার করে বলেন, সার্ভারজনিত সমস্যা এবং সীমিত সংখ্যক লগ ইন আইডির কারণে আবেদনপত্র ডিজিটালাইজেশনের কাজ ধীর গতিতে চলছে। চাকদহ থানার চান্দুরিয়া ১ নম্বর পঞ্চায়েত অফিসেও বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। অভিযোগ, তাঁরা এখনও টাকা পাননি। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, বিক্ষোভ নয়, কয়েকজন মহিলা টাকা না পাওয়ার বিষয়টি খোঁজ নিতে এসেছিলেন।  ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ গ্রাম পঞ্চায়েতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদেরই শুধু টাকা দেওয়া হয়েছে। অথচ পঞ্চায়েত অফিসে নির্ধারিত ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও বহু আবেদনকারী বঞ্চিত। তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত থেকে শুধুমাত্র তৃণমূলের কর্মী-সমর্থকদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। 
একই কারণে কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, অফলাইন ও অনলাইনে ফর্ম ফিলাপ করার পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিক্ষোভকারী প্রিয়াঙ্কা নস্কর বলেন, ‘আগের মাসে অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকেছিল। পরে অফলাইন ও অনলাইনে ফর্ম ফিলাপ করেছিলাম। কিন্তু এই মাসে টাকা ঢোকেনি।’ মহিলাদের দাবি, পঞ্চায়েতের আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে ফর্ম যাচাই না করে টাকা আটকে রেখেছেন। যদিও আধিকারিকরা জানিয়েছেন, এই প্রক্রিয়ার সঙ্গে পঞ্চায়েতের কোনো সম্পর্ক নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ