Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়ার মেটানোর দাবি, দুই জেলায় পিএইচই অফিসে তুমুল বিক্ষোভ

জল জীবন মিশন প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্র

বকেয়ার মেটানোর দাবি, দুই জেলায় পিএইচই অফিসে তুমুল বিক্ষোভ
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও চুঁচুড়া: জল জীবন মিশন প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্র। নির্দিষ্ট সময়ে রাজ্য বকেয়া মেটালেও হুঁশ নেই কেন্দ্রীয় সংস্থার। ফলে বকেয়া না পেয়ে কার্যত মাঝ সমুদ্রে পড়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা। বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার হাওড়া ও হুগলিতে অবস্থান-বিক্ষোভে শামিল হলেন তাঁরা। উৎসব মরশুমে কাজ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন ঋণগ্রস্থ ঠিকাদাররা। ফলে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজও এখন বিশ বাঁও জলে। 

Advertisement

হাওড়া জেলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে প্রায় ১০০ জন ঠিকাদার রয়েছেন। এখনও পর্যন্ত তাদের তরফে ৪৩৫টি বিল জমা দেওয়া হয়েছে। বিল বাবদ জেলায় বকেয়া রয়েছে ১৬০ কোটি টাকা। কবে তা পাওয়া যাবে সদুত্তর নেই। সেই কারণে এদিন হাওড়ার মল্লিকফটকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভে বসেন ঠিকাদাররা। বিক্ষোভকারী ঠিকাদার দীপঙ্কর চক্রবর্তী, আদিত্য হাজরা বলেন, ‘বকেয়া না মেটালে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কারণ নতুন করে কাজের জন্য মহাজন কিংবা ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না। শ্রমিকরা কাজ করতে চাইছে না। পুজোর আগে পরিবারগুলি বিপন্ন হয়ে পড়েছে।’ হুগলি জেলাতেও এদিন বিক্ষোভে শামিল হন ঠিকাদাররা। 
জানা গিয়েছে, হুগলি জেলায় অনুমোদিত জল প্রকল্প ৬৬৩টি। এর মধ্যে ২৪৭টি প্রকল্পের কাজ শেষ। বাকি প্রকল্পগুলি হয় শেষের মুখে অথবা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। প্রস্তাবিত প্রায় ৮ লক্ষ ১৭ হাজার পানীয় জল সংযোগের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে অর্ধেকের কিছু বেশি। বকেয়া না মেটালে আর বাকি কাজ করা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন ঠিকাদাররা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ