নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার বিপত্তি শিয়ালদহ-বনগাঁ এসি ট্রেনে। গোবরডাঙা স্টেশনে খুললই না ট্রেনের দরজা। যাত্রীদের না নামিয়েই ঠাকুরনগরের দিকে এগিয়ে যায় ট্রেন। পরে অবশ্য গোবরডাঙা ও ঠাকুরনগরের মাঝ থেকে ফিরে আসে ট্রেন। বুধবার সন্ধ্যায় রেলের এহেন পরিষেবা নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ যাত্রীরা।
জানা গিয়েছে, শিয়ালদহ থেকে বনগাঁ ভায়া রানাঘাট এসি ট্রেনটির সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গোবরডাঙা স্টেশনে পৌঁছনোর কথা। এক মিনিট লেটে এদিন র সন্ধ্যায় ট্রেনটি গোবরডাঙা স্টেশনে পৌঁছয়। কিন্তু খোলেনি ট্রেনের অটোমেটিক গেট। হইচই শুরু করে দেন যাত্রীরা। কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটি ফের রওনা দেয় ঠাকুরনগরের দিকে। পরে ঠাকুরনগর ও গোবরডাঙার মাঝে থামানো হয় ট্রেনটিকে। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফিরিয়ে আনা হয় গোবরডাঙা স্টেশনে। যাত্রীদের নামিয়ে ৭টা ৫৬ মিনিটে পরবর্তী স্টেশনের জন্য ট্রেনটি রওনা দেয়। বুধবার সন্ধ্যায় এহেন সাময়িক বিভ্রাটে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে নিত্যযাত্রী স্বপন বৈদ্য বলেন, এতটাকা দিয়ে এসি ট্রেনের টিকিট কাটতে হয়। আর সেই ট্রেনের এই অবস্থা। তাঁর আরও ক্ষোভ, এসি রেলে অনর্গল ঘোষণা হচ্ছে এটা প্রিমিয়াম পরিষেবা। আর সেই প্রিমিয়াম পরিষেবার এই হাল। এনিয়ে, পুষ্পিতা কুণ্ডু নামে আরেক যাত্রী বলেন, গোবরডাঙা স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অনেক যাত্রীকে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হল। এটা রেলের গাফিলতির জেরেই ঘটেছে।
এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে দীপ্তিময় দত্ত বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিভ্রাট। তবে যাত্রীদের কোনও সমস্যায় হয়নি। ট্রেন কিছুটা এগিয়ে গিয়েছিল, ফিরিয়ে এনে যাত্রীদের নামানো হয়।।