নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রায় ৬০ বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে একটি সাব পোস্ট অফিস। গ্রাহক সংখ্যা কয়েক হাজার। আচমকাই সেই পোস্ট অফিসকে কয়েক কিলোমিটার দূরের পোস্ট অফিসের সঙ্গে সংযুক্তকরণের সিদ্ধান্ত হয়েছে। এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন ইস্ট বেলঘরিয়া সাব পোস্ট অফিসের অসংখ্য গ্রাহক। শুক্রবার তাঁরা পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। পরে বেলঘরিয়া থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীদের দাবি, কোনওভাবেই সংযুক্তকরণের এই পরিকল্পনা কার্যকর করতে দেওয়া হবে না। ডাক বিভাগের তরফে তাঁদের সমস্ত দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়া স্টেশনের পূর্ব প্রান্তে ইস্ট বেলঘরিয়া পোস্ট অফিস। যতীন দাস নগর, বেলঘরিয়া, নন্দননগর, নিমতা, কালচার মোড়, উদয়পুর, আলিপুর, পুবপাড়া, ওল্ড নিমতা রোড সহ আশপাশের কয়েক হাজার মানুষ এই পোস্ট অফিসের গ্রাহক। সম্প্রতি তাঁরা জানতে পারেন, এই গুরুত্বপূর্ণ পোস্ট অফিসকে উদয়পুর সাব পোস্ট অফিসের সঙ্গে সংযুক্ত করা হবে। স্বভাবতই এনিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাঁদের দাবি, উদয়পুর পোস্ট অফিসও যথেষ্ট ব্যস্ত। সেখানেও প্রচুর গ্রাহক রয়েছেন। ফলে দু’টি পোস্ট অফিস সংযুক্ত হলে মানুষের ভোগান্তি আরও বাড়বে। শুধু তাই নয়, পরিষেবা পেতে বেলঘরিয়া স্টেশন লাগোয়া এলাকা থেকে অনেকটা দূরে যেতে হবে গ্রাহকদের।
এদিন উত্তেজিত গ্রাহকরা পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বেলঘরিয়া থানার পুলিস এসে তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বারাকপুর থেকে ডাক বিভাগের আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা দু’টি পোস্ট অফিস সংযুক্তকরণের প্রতিবাদে ডাক বিভাগ ছাড়াও স্থানীয় বিধায়ক, সাংসদের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছেন। বিক্ষোভে অংশ নিয়ে জনৈক প্রদীপকুমার চৌধুরী বলেন, ‘এই পোস্ট অফিসে ৩০-৪০ হাজার গ্রাহক আছেন। অধিকাংশই বয়স্ক। উদয়পুর যেতে তাঁদের সমস্যা হবে। সেখানকার পরিকাঠামো ভালো নয়। সামান্য বর্ষায় জল জমে। এই ধরনের সিদ্ধান্ত কোনওভাবে বরদাস্ত করা হবে না।’