Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবর্জনা নিয়ে বিক্ষোভ, একদিনের মধ্যেই সমাধান করল বালি পুরসভা

জমা জল, নোংরা আবর্জনা, বেহাল নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই বালির পদ্মবাবু রোডের দুরবস্থা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন বাসিন্দারা।

আবর্জনা নিয়ে বিক্ষোভ, একদিনের মধ্যেই সমাধান করল বালি পুরসভা
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জমা জল, নোংরা আবর্জনা, বেহাল নিকাশি ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই বালির পদ্মবাবু রোডের দুরবস্থা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন বাসিন্দারা। পুরসভাকে বারবার পরিষ্কারের জন্য আবেদন করেও ফল হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয়রা। বিক্ষোভের খবর পেতেই নড়েচড়ে বসে পুরসভা কর্তৃপক্ষ। মুখ্য প্রশাসকের নির্দেশে একদিনের মধ্যেই পরিষ্কার করা হল পদ্মবাবু রোডের জমা আবর্জনা। পুরসভার তৎপরতায় খুশি বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বালির পদ্মবাবু রোডের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে। প্রায় দশ মাস আগে রাস্তার পাশে জমা হওয়া আবর্জনা গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখানেই আবার নতুন করে আবর্জনা ফেলা হচ্ছিল। তারই মধ্যে বৃষ্টির জল জমে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সবমিলিয়ে ওই এলাকা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে ওঠে বাসিন্দাদের। পুর পরিষেবা না মেলায় বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছিলেন তাঁরা। পুলিশ ও পুরসভার আধিকারিকরা গিয়ে বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপরই তৎপর হয় বালি পুরসভা। এদিন সকালে পুরসভার তরফে রাস্তার পাশে আবর্জনা পরিষ্কার করে জমা জল সরানোর কাজ করা হয়। স্থানীয় বাসিন্দা সুমিত্রা চৌধুরী বলেন, ‘আমরা প্রতিবাদে নামার একদিনের মধ্যেই পুরসভা পরিষেবা দিয়েছে। যদি তিনদিন অন্তর জঞ্জাল সাফাই করা হয় তাহলে সমস্যা থাকে না।’ শহরের জঞ্জাল সাফাইয়ের পাশাপাশি বেহাল রাস্তাগুলি সংস্কারের ব্যাপারেও নজর দিচ্ছে বালি পুরসভা। জানা গিয়েছে, বালির গুরুত্বপূর্ণ সাতটি রাস্তা সংস্কারের কাজ আগামী দু’সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। মূলত জলের পাইপলাইন বসানোর জন্য কেএমডিএ’র তরফে এই রাস্তাগুলিতে খোঁড়াখুড়ির কাজ হয়েছিল। বর্তমানে রাস্তাগুলি চরম বেহাল।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ