


নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আগে পোস্টার পড়েছিল। এবার বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন। শুক্রবার ছাতনার শুশুনিয়ায় ওই বিক্ষোভ হয়। বেশকিছুক্ষণ ধরে বিজেপি কর্মীরা সত্যনারায়ণবাবুর বিরুদ্ধে স্লোগান দেন। ‘সত্যনারায়ণ দূর হটো’, ‘ভূমিপুত্র প্রার্থী চাই’-লেখা প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে চলে বিক্ষোভ। বিধায়ক থাকাকালীন সত্যনারায়ণবাবু ছাতনায় সেভাবে যেতেন না বলে কর্মীদের অভিযোগ। সেই কারণে প্রার্থী বদলের দাবি উঠেছে। অবিলম্বে দল সিদ্ধান্ত পরিবর্তন না করলে কর্মীরা একজোট হয়ে সত্যনারায়ণের বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজেপি কর্মী দুলাল বন্দ্যোপাধ্যায়, রাম মালাকার বলেন, সত্যনারায়ণবাবু বহিরাগত। গতবার তাঁর হয়ে আমরা ভোট করেছিলাম। কিন্তু, ভোটে জেতার পর আর তিনি সেভাবে ছাতনামুখো হননি। কর্মীদের ফোন পর্যন্ত ধরতেন না। পাঁচ বছর ধরে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। দল ফের তাঁকেই প্রার্থী করেছে। আমরা তাঁর পরিবর্তে ছাতনার ভূমিপুত্রকে চাইছি। বিজেপি কর্মীরা বহিরাগত প্রার্থীর হয়ে ভোটে খাটবেন না। প্রার্থী বদল না হলে অনেকেই বসে যাবেন। কেউ কেউ প্রার্থীর বিরুদ্ধেও ভোট দেবেন।
সত্যনারায়ণবাবু বলেন, আমার বিরুদ্ধে ছাতনায় না যাওয়ার অভিযোগ ঠিক নয়। আমি গত পাঁচ বছরে ছাতনার বিভিন্ন জায়গায় শিবির করে শংসাপত্র, সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন করেছি। কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল। কেউ ভুল বুঝলে আমি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।
বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে বিজেপি সত্যনারায়ণবাবুকে গঙ্গাজলঘাটি থেকে এনে ছাতনায় প্রার্থী করে। তিনি তৃণমূলকে হারিয়ে জয়ী হন। তারপর গত পাঁচ বছরে ছাতনা বিধানসভা এলাকায় তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ। বিজেপি-র নেতাকর্মীরাই বিষয়টি নিয়ে বিধায়কের উপর ক্ষুব্ধ রয়েছেন। দলের সাংগঠনিক কর্মসূচিতেও সত্যনারায়ণবাবুকে দেখা যেত না। হঠাৎ করে ছাতনায় কোনো ইস্যুতে বিক্ষোভ, মিছিলের আয়োজন করা হলে বিধায়ক উপস্থিত থাকতে পারতেন না। অন্য ব্লকের বাসিন্দা হওয়ায় ছাতনাবাসী তাঁকে প্রয়োজনে সেভাবে পেত না। ফলে বিষয়টি নিয়ে বিজেপি ছাতনায় ব্যাকফুটে চলে গিয়েছে। এনিয়ে বিভিন্ন সময়ে বিজেপি নেতাকর্মীদের বিধানসভার বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ভোটে ফের দল যাতে বিধায়ককে প্রার্থী না করে সেই দাবিতে ছাতনার বিভিন্ন জায়গায় সম্প্রতি পোস্টার পড়ে। তবে তারপরেও সত্যনারায়ণবাবুকেই বিজেপি ছাতনায় প্রার্থী করেছে। ফলে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।