Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ, কাজ শুরুর আশ্বাস প্রতিমন্ত্রীর

বর্ষা আসার আগে তোর্সার ভাঙা বাঁধ মেরামতের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন দ্রুত কাজ শুরু হবে। বিস্তারিত পড়ুন।

ভাঙা বাঁধ মেরামতির দাবিতে বিক্ষোভ, কাজ শুরুর আশ্বাস প্রতিমন্ত্রীর
  • ১৫ জুন, ২০২৬ ১৭:৩৪
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বর্ষা চলে এসেছে। অথচ গত বছরের ৫ অক্টোবর দুর্যোগে তোর্সা নদীর ভেঙে যাওয়া বাঁধ আজও মেরামত করা হয়নি। সেই ভাঙা বাঁধ মেরামতির দাবিতে আজ, সোমবার কালচিনির সুভাষিনী বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। তবে প্রায় এক ঘন্টা ধরে চলা এই বিক্ষোভে বাগানের কাজকর্ম অবশ্য ব্যাহত হয়নি। বাগানের সমস্ত কাজকর্ম সচল রেখেই শ্রমিকরা বিক্ষোভ দেখান। গত বছর বাঁধ ভেঙে তোর্সার জল, ডলোমাইট ও পলিতে ভেসে যায় সুভাষিনী চা বাগানের একাংশ এবং শ্রমিক কোয়ার্টার। সেই ভাঙা বাঁধ দেখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও সুভাষিনীতে এসেছিলেন। কিন্তু তারপর কেটে গিয়েছে প্রায় ৮ মাস। অথচ তোর্ষার ভাঙা বাঁধ আর তৈরি হয়নি।

Advertisement

বাগানের শ্রমিক শনিয়ারী ওরাওঁ বলেন, গত বছর বাঁধ ভেঙে তোর্সার জলে আমাদের কোয়ার্টার ভেসে গিয়েছিল। ডলোমাইট ও পলিতে চাপা পড়ে গিয়েছিল শ্রমিক লাইন। কিন্তু আজও সেই ভাঙা বাঁধ মেরামত হয়নি। ফের বর্ষা চলে এসেছে। এবার যে কী হবে আমরা তা বুঝতে পারছি না। রীতিমতো আতঙ্কে রয়েছি। পাশাপাশি বাগানের শ্রমিকরা প্রশ্ন তুলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে দেখে যাওয়ার পরও কেন তোর্ষার ভাঙা বাঁধ মেরামত করা হল না? বাগানের ম্যানেজার শীর্ষেন্দু বিশ্বাস বলেন, আমরা বাগানের তরফে ইতিমধ্যেই এলাকার বিধায়কের কাছে ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়েছি। রাজ্যের স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার প্রতিমন্ত্রী বিশাল লামা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেচদপ্তরের সঙ্গে তোর্সার ভাঙা বাঁধ নিয়ে কথা বলেছি। খুব শীঘ্রই ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ