সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের কৃষ্ণপুর হাটখোলা থেকে আটিলা যাওয়ার এক কিমি রাস্তা পাকা করার দাবিতে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বাঁশ এবং লোহার ব্যারিকেড দিয়ে সড়ক আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে।

স্থানীয় দোহিল হাইস্কুলের পড়ুয়া এবং মহিলাদের একাংশও এই অবরোধে শামিল হন। আধ ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গাজোল থানার আইসি আশিস কুণ্ডু সহ পুলিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুমকি দিয়েছেন বাসিন্দারা।
গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বেহাল রাস্তা পাকা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, অবরোধ এবং সমস্যার বিষয়ে থানার আইসি ঘটনাস্থলে গিয়েছিলেন। ব্লক থেকেও কর্মী পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।
আন্দোলনকারীদের পক্ষে মনোতোষ মণ্ডল বলেন, অতীতে প্রশাসন সহ বিভিন্ন মহলে বলেও রাস্তাটি পাকা হয়নি। আমরা দাবি করেছিলাম আপাতত রাস্তায় বালি, পাথর ফেলে চলাচলের যোগ্য করে দিক প্রশাসন। কাজ না হওয়ায় বাধ্য হয়ে এদিন আমরা রাস্তা অবরোধ করি। গাজোল থানার আইসিকে সমস্যার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
চলাফেরা করতে কতটা কষ্ট হচ্ছে, সেটা দেখার জন্য পুলিস আধিকারিকরা বেহাল রাস্তায় এদিন হেঁটেছেন। স্থানীয় ব্লক প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলানোর জন্য পুলিস আধিকারিকরা বাসিন্দাদের বিডিও অফিসে নিয়ে যান। ব্লক থেকে ইঞ্জিনিয়াররা বেহাল রাস্তা পরির্দশনে এসেছিলেন। তাঁরা মাপজোখ করে গিয়েছেন।