সংবাদদাতা, পতিরাম: খাঁড়ির জন্য যোগাযোগে বরাবর অসুবিধা গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি জানিয়ে জানালেও কাজ হয়নি। তাই সোমবার বিক্ষোভ ও আন্দোলনের পথে হাঁটলেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের ছাতিনতৈড় গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গত বিধানসভার সময় তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সেতু গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও কাজ হয়নি। তবে দ্রুত সমাধান মেটানোর আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন। কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস বলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিধায়কের কথায়, বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে। আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠাব। দ্রুত ব্রিজ গড়ার চেষ্টা করছি।
ছাতিনতৈড় ও ঝাউবাড়ি মধ্যবর্তী রাস্তায় ওই খাঁড়ি রয়েছে। সেই খাঁড়ির উপরেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। ওই খাঁড়ি দিয়ে কুড়াহা, পোড়াঝার, নেত্রডাঙ্গা, প্রসাদপুর, নদীপুর সহ আরও অনেক গ্রামের বাসিন্দাদের পার হতে হয়। তবে ওই ব্রিজ দিয়ে গেলে তাড়াতাড়ি বাজার ও নানান জায়গায় যাওয়া যায়। নাহলে অনেকটা ঘুরপথে যেতে হয়। সামনেই বিধানসভা ভোট, তার আগেই গ্রামবাসীরা এই ব্রিজ চাইছেন। এদিন গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। সকলে মিলে কুমারগঞ্জ ব্লক অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন।
বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষিপ্ত এক গ্রামবাসী ইয়ারুন বিবি বলেন, এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। মাঝেমধ্যে কেউ না কেউ পড়ে যায়। বছর খানেক আগে একটি বাচ্চা ওই সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। গ্রামের কোনও জনপ্রতিনিধি আমাদের দেখতে আসেন না। বিধায়ক ব্রিজের প্রতিশ্রুতি দিলেও হয়নি। দ্রুত ব্রিজ না পেলে আমরা বিধানসভা ভোট বয়কট করব।
স্থানীয় যুবক ইনজামাম উল হকের কথায়, আমরা বিধায়কের সঙ্গে দেখা করে আজ ফের ব্রিজের দাবি জানিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।