সংবাদদাতা, জঙ্গিপুর: রাস্তা নয়, যেন ছোট পুকুর। জমা জলে নাকাল হতে হয় পথচলতি মানুষকে। বছরের পর বছর ধরে এমনটাই চলছে। রাস্তার হাল ফেরাতে জমা জলে সাঁতার কেটে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বুধবার সকাল থেকে বিকেল প্রায় সাত ঘণ্টা ধরে চলে এই অভিনব বিক্ষোভ। এই ঘটনায় সাগরদিঘির কাবিলপুরে শোরগোল ছড়ায়। পরে ঘটনাস্থলে এসে পুলিস আশ্বাস দিয়ে অবরোধ তোলে। এই রাস্তার ব্যাপারে জনপ্রতিনিধি থেকে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এলাকাবাসীর দাবি পুরোপুরি সঠিক নয় বলেই জানিয়েছে ব্লক প্রশাসন। তাঁদের পাল্টা দাবি, জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণ করতে গেলে এলাকার কিছু মানুষ বাধা দিচ্ছেন।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সংসদ সদস্য খলিলুর রহমান বলেন, রাস্তার জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ঠিক। পুজোর পরেই কাজ শুরু হবে। সাধারণ মানুষকে আর একটু সময় দিয়ে সহযোগিতা করার জন্য বলব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির কাবিলপুরে প্রায় ১০০ মিটার রাস্তায় নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল নামছে না। ফলে হাঁটু জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে মানুষকে। এদিকে প্রায়ই ওই রাস্তায় স্কুলে যাওয়ার বাচ্চাদের গাড়ি ও অন্যান্য যানবাহন উল্টে বিপত্তি দেখা দিচ্ছে। প্রতিবাদে এদিন রাস্তার জমা জলে সাঁতার কাটে খুদেরা। প্রায় হাজার খানেক এলাকাবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম, সাবির শেখরা বলেন, জলের পাইপ বসানোর সময় রাস্তা খোঁড়া হয়েছিল। কিন্তু সেই রাস্তা ভালোভাবে মাটি দিয়ে ভরাট করা হয়নি। নেতারা বলেছিলেন ভোটের পর রাস্তা হয়ে যাবে। কিন্তু ভোটের পর ওনাদের দেখা মেলে না।
কাবিলপুর পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের রোজিনা বেগম বলেন, রাস্তা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এলাকার মুষ্টিমেয় কয়েকজন সমস্যার সৃষ্টি করে। সাগরদিঘির কাবিলপুরে রাস্তার দাবিতে বিক্ষোভ। -নিজস্ব চিত্র