নিজস্ব প্রতিনিধি, বারাসত: কেমিক্যাল কারখানা থেকে বের হচ্ছে দুর্গন্ধ। তার জেরে বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন, শরীর খারাপ হচ্ছে কম বয়সিদেরও। তাই ওই কারখানা বন্ধের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙার পদ্মলাভপুর এলাকায়। আমডাঙা থানার পুলিস বাহিনী গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমডাঙার পদ্মলাভপুরে একটি রাসায়নিক কারখানা রয়েছে। সেই কারখানা থেকেই বের হচ্ছে দুর্গন্ধ। আর ঝাঁজালো সেই গন্ধের জন্য আট থেকে আশি বছর বয়সিরা অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। এজন্য আগেও একাধিকবার এই কারখানার বিরুদ্ধে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু কোনও কাজ হয়নি। তাই দ্রুত সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার রাতে পদ্মলাভপুরে আমডাঙা-নৈহাটি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা মহম্মদ ইমরান আলি, আমিনা বিবিরা বলেন, কারখানা থেকে বের হওয়া দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে গিয়েছে। এর জেরে শ্বাসকষ্ট থেকে পেটের সমস্যাও হচ্ছে। আমরা একাধিকবার এনিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন বিক্ষোভ দেখালাম। আমরা চাই, এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে কারখানাটি বন্ধ করা হোক। এনিয়ে ওই কেমিক্যাল কারখানার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



