মতুয়া নেতার স্ত্রী ও কন্যাদের যৌন নিগ্রহের প্রতিবাদে থানায় বিক্ষোভ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ এবং তাঁর দুই নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে পথে নামলেন মতুয়ারা। রবিবার বিকালে চাকদহ থানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। নারী-পুরুষ নির্বিশেষে বহু মতুয়া এই আন্দোলনে শামিল হন। অপরাধীদের গ্রেপ্তার এবং নারীর নিরাপত্তার দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল। 

Advertisement

এদিন চাকদহ স্টেট জেনারেল হাসপাতালের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। শেষ হয় থানার সামনে পৌঁছে। পরে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। আগামী দিনে যাতে কেউ এমন ঘটনার শিকার না-হন, নিশ্চিত করতে হবে তা।’ উল্লেখ্য, বুধবার ওই মতুয়া নেতার বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁর স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার চারদিন পরেও কেউ গ্রেপ্তার না-হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।