নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চাকরিতে স্থায়ীকরণ, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য বিমা সহ একাধিক দাবিতে ফের রাস্তা অবরোধ করে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো সাফাইকর্মী। বুধবার দুপুরে পুরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। এরপর পুরসভায় ঢুকে মুখ্য প্রশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। এদিকে, একদিকে বৃষ্টি, তার উপর অবরোধ হওয়ায় তীব্র যানজট হয় ওই এলাকায়।
ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন দাবি নিয়ে হাওড়া পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন সাফাই কর্মীরা। হাওড়া পুরসভার অধীনে অস্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে চার হাজারেরও বেশি সাফাই কর্মী রয়েছেন। তাঁদের কেউ নর্দমা পরিষ্কার করেন, কেউ আবর্জনা সংগ্রহ করেন। আবার অনেকে শহরের উদ্যান পরিষ্কারের কাজও করেন। তাঁদের অভিযোগ, এই অস্থায়ী কর্মীদের কেউ ২০ বছর, কেউ ৩০ বছর ধরে নাগরিক পরিষেবা দিলেও তাঁদের কোনও স্বাস্থ্যবিমা নেই। দিনে মাত্র ২০২ টাকার মজুরিতে কাজ করতে হচ্ছে। এতে সংসার চালানোই দায় হয়ে উঠেছে। হয় স্থায়ীকরণ, নতুবা বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা সরব হন এদিন। পাশাপাশি শহরে সাফাই কাজে আধুনিকীকরণের দাবিও তোলেন। এদিন দুপুর ১টা থেকে প্রায় ঘণ্টাখানেক এম জি রোড অবরোধ করে কয়েকশো সাফাই কর্মী বিক্ষোভ দেখান। এরপর হাওড়া থানার পুলিস এসে তাঁদের বুঝিয়ে অবরোধ তোলে। এদিকে, বৃষ্টির মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতেও অনেকটা সময় লাগে। সাফাই কর্মীরা এদিন রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, দ্রুত তাঁদের দাবিদাওয়া মেটানো না হলে আগামী সেপ্টেম্বর মাস থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর কাছে গিয়েও ডেপুটেশন জমা দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
বিষয়টি নিয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘সাফাই কর্মীরা এদিন এসে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কর্মীদের অভাব অভিযোগের কথা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’ নিজস্ব চিত্র