Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ, তালা ঝোলালেন কর্মীরা

বিধানসভা নির্বাচনের আগে মুরারইয়ে বিজেপির অন্দরে চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। বুধবার দলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কর্মীদের একাংশ।

মুরারইয়ে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ, তালা ঝোলালেন কর্মীরা
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বিধানসভা নির্বাচনের আগে মুরারইয়ে বিজেপির অন্দরে চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। বুধবার দলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কর্মীদের একাংশ। দিনকয়েক আগে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় নেতৃত্বের একাংশ। সেই ক্ষতে প্রলেপ এখনও পড়েনি। এরইমধ্যে বুধবার সকালে একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ওই কল রেকর্ডে বিজেপি প্রার্থীর স্বামী তথা জেলা সম্পাদক হেমন্ত ঘোষের সঙ্গে এলাকার মণ্ডল কমিটির সদস্য তথা অফিস বেয়ারার উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বলে দলেরই কর্মীদের দাবি। একে অপরকে গালিগালাজের পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছে। অভিযোগ, নির্বাচনের সময় অফিস খরচের জন্য জেলা থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে জেলা সম্পাদক তথা প্রার্থীর স্বামী হেমন্ত ঘোষকে। অফিস বেয়ারার সুজয় সিং জেলা সম্পাদককে গালিগালাজ করে বলছেন, ‘জেলা থেকে এক লক্ষ টাকা দিয়েছে, সেই টাকা কেন দিচ্ছিস না। টাকা না দিলে চামড়া তুলে দেব। হাত পা ভেঙে দেব।’ পাল্টা হেমন্তও বলেন, ‘সকালেই হাজার টাকা দিয়ে এলাম। তুই কাল থেকে পার্টি অফিস ঢুকবি না। পাল্টা সুজয় বলছেন, তোকেও রূপরামপুর পার হতে দেব না। হাত পা ভেঙে দেব।’   

Advertisement

এদিন সকালে এই কল রেকর্ড ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুপুর হতেই যা চরম আকার ধারণ করে। বাহাদুপুর, মুরারই, চাতরা, জাজিগ্রাম সহ একাধিক এলাকায় গেরুয়া শিবিরের নেতারা পার্টি অফিসের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ছিলেন সুজয়ও। যদিও সেইসময় দলের অন্যান্য নেতৃত্ব প্রার্থীর সঙ্গে প্রচারে বেরনোয় পার্টি অফিসে কেউ ছিলেন না। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাঁরা তালা ঝুলিয়ে দেন। 
সুজয় বলেন, প্রার্থী তো পছন্দ নয়ই। এমনকি নির্বাচনের এই সময় কর্মীরা আসা যাওয়া করছেন। কিন্তু অফিস খরচও দিচ্ছে না। অথচ জেলা থেকে সেই টাকা পাঠিয়েছে। প্রার্থীর স্বামীর প্রতি একাধিক নেতৃত্ব রুষ্ট। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন। তা নিয়েই প্রার্থীর স্বামীর সঙ্গে ফোনে ঝামেলা হয়েছে। আমাকে গালিগালাজ করেছেন। তাই অন্যান্য নেতারা এসে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিক্ষোভে শামিল এসসি মোর্চার নেতা গোরাচাঁদ কোনাই বলেন, এই প্রার্থী আমরা মানব না। প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বর্তমান জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় হেমন্তের স্ত্রীকে প্রার্থী করে এই বিধানসভায় সংগঠন শেষ করে দিল।   নির্বাচনের আগে দলের নেতাদের দ্বন্দ্ব ও কাদা ছোড়াছুড়িতে বিভ্রান্ত হয়ে পড়ছেন নিচুতলার কর্মীরা। যার প্রভাব ভোটের ফলাফলে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে মুরারইয়ে বারবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ছে। যদিও হেমন্ত বলেন, কেউ যদি রাতে লাল, নীল জল খেয়ে কিছু বলে তাতে আমার কিছু বলার নেই। জেলা সভাপতি বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে বলব।  মুরারইয়ের বিজেপির পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ