নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পরিকল্পিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল গণ উদ্যোগে তৈরি শ্রমজীবী হাসপাতাল। বৃহস্পতিবার সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। হামলার প্রতিবাদে বিভিন্ন স্তরের নাগরিক সমাজমাধ্যমে সরব। এই পরিস্থিতিতে ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে গড়ে তোলার বার্তা দিল তৃণমূল। শুক্রবার হুগলি জেলা পরিষদের মেন্টর তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় শ্রমজীবী হাসপাতালের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি নিজের দু’মাসের ভাতার টাকা হাসপাতালের ক্ষতিগ্রস্ত পরিকাঠামো নতুন করে গড়ার জন্য দান করেন। এই ঘটনায় উচ্ছ্বাস জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালন সমিতির অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, ‘সুবীরবাবু যা করেছেন তা নাগরিক মহল্লার আবেগের প্রতিফলন। আমরা মনে করি খুবই পরিকল্পিত হামলা করা হয়েছিল। গণ উদ্যোগে তৈরি হাসপাতাল কাদের জন্য সমস্যা তৈরি করছে আমরা বুঝতে পারছি না। নাগরিকদের দাবিতে ২৭ জুলাই প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।’ সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘আমরা শুনেছি এক বিজেপি নেতা পরিকল্পিতভাবে হামলা করেন।’



