Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ, আইনজীবীকে মারধরের অভিযোগ

বুকে ও পিঠে আঘাত লেগেছে রাজেশ আগরওয়াল নামের ওই আইনজীবীর। লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

তারস্বরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ, আইনজীবীকে মারধরের অভিযোগ
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তারস্বরে ডিজে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় নিজের আবাসনেই আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ায় লিলুয়ায়। বুকে ও পিঠে আঘাত লেগেছে রাজেশ আগরওয়াল নামের ওই আইনজীবীর। লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবাসনের বাসিন্দারা। তাঁদের তরফেও লিলুয়া থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

লিলুয়ার গোশালা এলাকার একটি আবাসনে সপরিবারে থাকেন রাজেশ আগরওয়াল। কলকাতা হাইকোর্টের পাশাপাশি হাওড়া কোর্টেও প্র্যাকটিস করেন তিনি। রাজেশবাবু জানান, ছটপুজো উপলক্ষ্যে সোমবার সকাল থেকেই আবাসনের ভিতর তারস্বরে ডিজে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের কারণে তিনি বাসিন্দাদের একাংশের কাছে গিয়ে আওয়াজ কমানোর অনুরোধ করেন। সে কথায় কর্ণপাত না করে বাসিন্দারা উল্টে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তিনি লিলুয়া থানায় ফোন করে বিষয়টি জানান। পুলিশ এসে আবাসনের বাসিন্দাদের জোরে সাউন্ড বক্স না বাজানোর নির্দেশ দিয়ে চলে যায়। অভিযোগ, কোর্ট থেকে ফিরে সন্ধ্যার পর আবাসনেই নিজের চেম্বারে বসে কাজ করছিলেন রাজেশবাবু। আচমকা আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা লাঠি নিয়ে চেম্বারে ঢুকে পড়ে। এরপর তাঁকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন যুবক তাকে এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকে। মারধরের ফুটেজ রাজেশবাবুর চেম্বারে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর অসুস্থ অবস্থায় তাঁকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত আইনজীবীর পরিবার। 
মারধরের বিষয়টি অস্বীকার করেছে আবাসনের বাসিন্দারা। তাঁদের দাবি, প্রতিবাদ করার নামে রাজেশবাবু নাকি তাদের উপর চড়াও হন। এমনকি পুজোর সামগ্রী লন্ডভন্ড করে দেন বলেও অভিযোগ। সে কারণেই বচসার সূত্রপাত বলে জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের তরফেও আইনজীবী বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানানো হয়েছে লিলুয়া থানায়। পুলিশ জানিয়েছে, দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ