নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেনিয়মের একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। এই বিক্ষোভে শামিল হয়েছিলেন অভিভাবকরাও। এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে হাড়োয়ার পীর গোরাচাঁদ হাইস্কুলে। হাড়োয়ার পিজি হাইস্কুলের ঐতিহ্য দীর্ঘদিনের। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষক শমীক রুদ্র মজুমদারকে নিয়ে ক্ষোভ তৈরি হয় বিদ্যালয়ের ভিতরে ও বাইরে। অভিযোগ, ছাত্র ভর্তির টাকা থেকে মিড ডে মিল বা আনুষঙ্গিক খরচ নিয়ে দিনের পর দিন বেনিয়ম করেছেন প্রধান শিক্ষক। এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। কিন্তু তারপরেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলেই দাবি অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রীতিমতো রুষ্ট অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এদিন স্কুলেই পোস্টার হাতে চলে বিক্ষোভ। প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে পোস্টার সাঁটা হয় স্কুল চত্বরে। এ বিষয়ে ইংরেজির শিক্ষক পিনাকী দাস বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এর জেরে স্কুলে পঠনপাঠন কার্যকর শিকেয় উঠেছে। কোনও পরিকাঠামোর উন্নয়ন হয়নি। ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা গিয়েছে, মোটা টাকার দুর্নীতি হয়েছে। আমরা চাই, গোটা বিষয়টি তদন্ত করুক শিক্ষাদপ্তর।’ এই স্কুলের পড়ুয়া সাদিয়া সুলতানা ও ইয়াসমিন মোল্লা বলেন, প্রধান শিক্ষক আমাদের স্কুলের মান ডুবিয়ে দিয়েছেন। এক বা দু’দিন নয়, বছরের পর বছর এভাবেই চলছে আমাদের স্কুল। ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। পর্যাপ্ত চেয়ার, টেবিল, আলো নেই। এমনকী, মিড ডে মিলের খাবারও সঠিকভাবে দেওয়া হয় না। আমরা এর বিহিত চাই।



