সংবাদদাতা, তারকেশ্বর: হরিপালে রেলের জায়গায় গড়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদের নোটিসের দেওয়ায় হকারদের নিয়ে বিক্ষোভ-অবস্থানে বসলেন স্থানীয় বিধায়ক করবী মান্না। সম্প্রতি হরিপাল স্টেশন সংলগ্ন ২৫০ জন হকারকে জায়গা খালি করে দেওয়ার নোটিস দেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। এমন নোটিস এর আগেও বেশ কয়েকবার দেওয়া হয়েছিল। প্রতিবারই এর প্রতিবাদে হকার ইউনিয়নের সদস্য ও তাঁদের পরিবারকে সঙ্গে নিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন বিধায়ক। সোমবার উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয়। মঙ্গলবার স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে রেলের কোনও পদস্থ অফিসার বা রেল পুলিসকে চোখে পড়েনি এলাকায়।



