Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ-জুয়ার আসর, প্রতিবাদ করায় বন্দুক হাতে বাড়ি বাড়ি হুমকি, সোদপুরে ক্ষোভ

মদ, জুয়া, সাট্টার ঠেক বন্ধ করার দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। তার জেরে বন্দুক হাতে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। তাদের হাত থেকে ছাড় পাননি মহিলারাও।

মদ-জুয়ার আসর, প্রতিবাদ করায় বন্দুক  হাতে বাড়ি বাড়ি হুমকি, সোদপুরে ক্ষোভ
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মদ, জুয়া, সাট্টার ঠেক বন্ধ করার দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। তার জেরে বন্দুক হাতে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। তাদের হাত থেকে ছাড় পাননি মহিলারাও। রবিবার রাতে পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সারদাপল্লি এলাকার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায়। ঘোলা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement

বেশ কিছু দিন ধরে সারদাপল্লি এলাকায় মদ, জুয়া ও সাট্টার ঠেক চলছিল বলে অভিযোগ। আসরে বহিরাগতরাও আসছিল। তারা মহিলাদের কটূক্তি করত বলে অভিযোগ। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। নানাভাবে এলাকাবাসী এইসব ঠেক বন্ধ করতে উদ্যোগী হন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রবিবার রাতে একইভাবে এলাকার একটি বাড়িতে মদ, জুয়ার আসর বসেছিল। বাসিন্দারা প্রতিবাদ জানান। ঘোলা থানাতেও খবর দেওয়া হয়। পুলিশ এসে এক যুবককে আটক করে নিয়ে যায়। থানা থেকে ছাড়া পেয়ে রাতেই দলবল নিয়ে ফের সে এলাকায় ঢোকে। এরপর এলাকায় হাজির হয়ে বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের পিস্তল উঁচিয়ে শাসানি দেওয়া হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফুঁসে ওঠেন। রাতে মানুষ জোটবদ্ধ হয়ে বেরিয়ে আসেন। বিপদ বুঝে দ্রুত বাইকে ওই দুষ্কৃতী দল চম্পট দেয়। ফের ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুপর্ণা আচার্য নামে এক বাসিন্দা বলেন, আমার বাড়িতে এসে আমার মা কে হুমকি দিয়েছে। অন্য বাসিন্দা শঙ্কর মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে অসভ্যতা চলছে। আমরা খুব আতঙ্কে আছি। স্থানীয় কাউন্সিলার তথা পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, আগে আমি অভিযোগ পেয়ে বেআইনি মদের আসর বন্ধ করে দিয়েছিলাম। যে বাড়িতে আসর বসাত সেই ছেলেটি এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়ছিল। ভোটের ফল ঘোষণার পর 
ফের এলাকায় ঢুকে এসব করেছে। আমার বিশ্বাস, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ