Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় মৃত নার্স, গোবরডাঙা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে প্রতিবাদ

ডিউটি সেরে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নার্সের। জখম তাঁর স্বামীও।

দুর্ঘটনায় মৃত নার্স, গোবরডাঙা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে প্রতিবাদ
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডিউটি সেরে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নার্সের। জখম তাঁর স্বামীও। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গোবরডাঙার সমাদ্দারপাড়া মোড়ে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ঊষা মণ্ডল (৫০)। জখম স্বামী স্বপন মণ্ডল হাবড়া হাসপাতালে ভর্তি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ঊষার বাড়ি গোবরডাঙার খাটুরা পালপাড়ায়। তিনি ছিলেন বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতালের নার্স। শনিবার তাঁর নাইট ডিউটি ছিল। রবিবার ১১টার সময় ডিউটি শেষ করে স্বামীর স্কুটারে করে বাড়ি ফিরছিলেন তিনি। এদিকে, গোবরডাঙা শহরে জল সরবরাহের জন্য রাস্তা খুঁড়ে পাইপলাইনের কাজ হচ্ছে। সমাদ্দারপাড়াতেও খোঁড়াখুঁড়ি করে কাজের জন্য রাস্তা বেহাল। শনিবার রাতের বৃষ্টিতে এবড়োখেবড়ো রাস্তা জল আর কাদায় পিচ্ছিল হয়েছিল। এদিন সকালে স্কুটারে আসার পথে চাকা পিছলে পড়ে যান দম্পতি। তখনই সামনের দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন ঊষা। স্থানীয়রা দম্পতিকে উদ্ধার করে নিয়ে আসেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসক ঊষাকে মৃত বলে ঘোষণা করেন। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটিকে আটক করেছে পুলিস। 

Advertisement

এদিকে, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা এবং সেখান থেকে মৃত্যু বলে অভিযোগ তুলে পুরসভার বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় রাস্তা খুঁড়ে কাজ চলেছে। দ্রুত রাস্তাগুলি সংস্কার করা হোক। গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত এই প্রসঙ্গে বলেন, দুর্ঘটনা খুব দুর্ভাগ্যজনক। দ্রুত রাস্তা সংস্কার করা হবে। আজ, সোমবার বাস, অটো এবং টোটো ইউনিয়নের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ