Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় বিজেপি বিধায়কের বাড়িতে দলের বুথ সভাপতিকে দায়ের কোপ

বিজেপি বিধায়কের বাড়িতেই দলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল।

বনগাঁয় বিজেপি বিধায়কের বাড়িতে দলের বুথ সভাপতিকে দায়ের কোপ
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিজেপি বিধায়কের বাড়িতেই দলের বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লায়। জখম বুথ সভাপতি রামপ্রসাদ সিকদারকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় একাধিক সেলাই পড়েছে। তবে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। জমি সংক্রান্ত বিবাদে এই ঘটনা ঘটেছে। আক্রান্তের মেয়ে থানায় অভিযোগ করেন। শনিবার রাতেই অভিযুক্ত পলাশ ঢালিকে  গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিস।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, পাল্লার দিঘিরপাড়ের বাসিন্দা রামপ্রসাদ পাল্লা উত্তরপাড়ার বাসিন্দা পলাশ ঢালির জমি দু’বছরের জন্য লিজ নিয়েছিলেন। মোট ১৪ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তির ১২ হাজার টাকা মিটিয়ে দেন রামপ্রসাদ। মেয়াদ শেষের ৬ মাস আগেই তিনি জানিয়ে দেন, ওই জমিতে তিনি চাষ করবেন না। যদিও পাওনা ২ হাজার টাকা ছাড়তে নারাজ পলাশ। এনিয়ে মাঝেমধ্যেই তাঁদের বচসা হতো। শনিবার সকালে বিধায়কের বাড়ির সামনে একটি চায়ের দোকানে দু’জনের বচসা শুরু হয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিধায়কের বাড়িতে যান রামপ্রসাদ। পলাশ বাড়ি চলে যান। বিধায়কের বাড়ির উঠোনে চেয়ারে বসেছিলেন রামপ্রসাদ। অভিযোগ পলাশ বিধায়কের বাড়িতে ফিরে আসেন একটি দা নিয়ে। তা দিয়ে রামপ্রসাদের মাথায় কোপ মেরে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে পাল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। রামপ্রসাদ বলেন, ‘পলাশ ঢালির জমিতে চাষ করেছিলাম। একবছর আগেই জমি ছেড়ে দিয়েছি। আজ তা নিয়েই ঝামেলা হয়। বাড়ি থেকে দা এনে আমার মাথায় কোপ মারে।’ 
বিধায়ক বলেন, ‘দু’জনের মধ্যে জমি চাষ নিয়ে ঝামেলা ছিল। সকালে আমার বাড়িতে এসেছিল আলোচনার জন্য। সেই সময় আমি ঘরে ঘুমোচ্ছিলাম। শুনেছি, পলাশ ঢালি রামপ্রসাদকে দা দিয়ে কোপ মারে। পুলিসকে বলেছি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে।’ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপি দলে কোনও শৃঙ্খলা নেই। সেটা আরেকবার প্রমাণিত হল।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ