ওয়াশিংটন: ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে আমেরিকার অন্দরে তুমুল বিতর্ক চলছে। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার উপর লাগাম পরানোর চেষ্টা ব্যর্থ হল। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে বুধবার ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতায় খারিজ হয়ে গেল ট্রাম্প বিরোধী প্রস্তাব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের উপর হামলা করে ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনী। পশ্চিম এশিয়ায় এভাবে আমেরিকায় যুদ্ধে জড়িয়ে পড়াটাকে মোটেই ভালো চোখে দেখছে না মার্কিন কংগ্রেসের বহু সদস্য। বিশেষত কংগ্রেসকে অন্ধকারে রেখে যেভাবে ট্রাম্প একতরফা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, তার বিরোধিতা করে প্রস্তাব আনা হয় সেনেটে। আর এই প্রস্তাবকে কেন্দ্র করে ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্য ছিল চোখে পড়ার মতো। ‘ওয়ার পাওয়ার অ্যাক্ট’ মেনে ট্রাম্প যাতে যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে দায়বদ্ধ থাকেন, তার জন্য যৌথভাবে প্রস্তাব আনেন ডেমোক্র্যাট টিম কেইন এবং রিপাবলিকান র্যান্ড পল।



