Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ মেডিক্যালে আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব

আরামবাগ মেডিক্যালে আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ডাক্তারি পঠন পাঠনের আসন সংখ্যা ১৫০টি করার দাবি উঠছে। বর্তমানে ১০০টি আসনে পড়ুয়ারা ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন। আসন সংখ্যা আরও ৫০টি বাড়াতে চাইছে মেডিক্যাল কর্তৃপক্ষ। সেইজন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে আরামবাগ মেডিক্যালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, আরামবাগ মেডিক্যালে আরও ৫০টি আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত পরিকাঠামোও রয়েছে। তাই আরও ৫০টি আসনে পড়ুয়া ভর্তি নেওয়ার ব্যবস্থা যাতে করা যায়, তার আবেদন জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরজন্য আবেদন পত্র তৈরি করা হচ্ছে। 

Advertisement

প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ২০২২ সালে আরামবাগ মেডিক্যালে ডাক্তারি পড়ার ব্যবস্থা শুরু হয়। ১০০ আসনে পড়ুয়াদের ভর্তির ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা রয়েছে। সেইমতো ২০২২ থেকেই পড়ুয়া ভর্তি শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের শেষের দিকে মেডিক্যালের প্রথম এমবিবিএস ব্যাচ উত্তীর্ণ হবে। তারমধ্যেই আরও ৫০টি আসনের অনুমোদন পেতে চাইছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বাংলা ছাড়াও একাধিক ভিন রাজ্যের পড়ুয়ারা আরামবাগ মেডিক্যালে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। ছাত্র-ছাত্রী উভয়ের জন্যই হস্টেলের ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল কলেজের চত্বরেই সেই হস্টেলগুলি রয়েছে। সেখানে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। 
মেডিক্যালের এক আধিকারিক বলেন, আসন সংখ্যা বাড়লে শিক্ষাক্ষেত্রে আরামবাগ মেডিক্যালের গুরুত্ব আরও বাড়বে। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসা পরিষেবাও উন্নত হবে। 
মেডিক্যালের এক আধিকারিক বলেন, এখানে গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগেই চিকিৎসক শিক্ষক রয়েছেন। তবে কিছু ক্ষেত্রে সমস্যাও রয়েছে। সেগুলি মেটানোর চেষ্টা চলছে। শীঘ্রই এমডি কোর্সে পঠন পাঠন শুরুর সবুজ সংকেত মিলতে পারে। তার আগে এমবিবিএস-এর জন্য আসন সংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে কাজ চলছে। 
উল্লেখ্য, বর্তমানে ডাক্তারি পড়ুয়ার চাহিদা তুঙ্গে। বহু পড়ুয়াই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলা ছাড়াও ভিন রাজ্যের মেডিক্যাল কলেজে পড়তে যাচ্ছেন। অনেকে আবার বিদেশেও রওনা দিচ্ছেন। এই পরিস্থিতিতে আরামবাগ মেডিক্যালে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পেলে অনেকেরই সুবিধা হবে। একইসঙ্গে আরামবাগ শহর সহ সংলগ্ন এলাকায় অর্থনৈতিক উন্নতিও ঘটবে বলে আশা। 
স্থানীয় বাসিন্দাদের দাবি, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরামবাগ মেডিক্যালের গুরুত্ব রয়েছে। তাই প্রতিদিন বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। ফলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার দাবিও রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ