ফিরদৌস হাসান, শ্রীনগর: জীবনে একবার অন্তত কাশ্মীর যেতেই হবে! এমন স্বপ্ন অনেকেই দেখেন। খরচের কথা না ভেবেই অনেকে ভূস্বর্গে পাড়ি জমান। তবে এবার এমনটা করলে সমস্যা হতেই পারে। কাশ্মীর ভ্রমণের খরচ আগামীতে বেশ কিছুটা বাড়তে চলেছে। কারণ পর্যটকদের উপর ‘মাউন্টেন গ্রিন সেস’ বা
পরিবেশ কর বসানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন।
প্রস্তাবিত এই কর কার্যকর হলে গুলমার্গ, পহেলগাঁও, পাটনিটপ, সোনমার্গ ও দুধপাথরির মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ভারতীয় পর্যটকদের দিতে হবে ৫০০ টাকা। অন্যদিকে, দুর্গম পার্বত্য পথে ভ্রমণের ক্ষেত্রে করের পরিমাণ হবে ১০০০ টাকা। বিদেশি পর্যটকদের উভয় ক্ষেত্রেই দিতে হবে ২০০০ টাকা। তবে ছাড়ও রয়েছে বিশেষ ক্ষেত্রে। ১২ বছরের কম বয়সি শিশু, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্র যে স্থানীয় প্রশাসনিক এলাকার অন্তর্গত, সেই এলাকার বাসিন্দাদের এই কর থেকে ছাড় দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের অন্যান্য এলাকার বাসিন্দা এবং শিক্ষামূলক ভ্রমণে যাওয়া পড়ুয়াদের দিতে হবে ১০০ টাকা।
জানা গিয়েছে, সংগৃহীত অর্থ পর্যটনকেন্দ্রের নিজস্ব অ্যাকাউন্টে জমা পড়বে। ‘মাউন্টেন গ্রিন ফান্ড’-এর অধীনে এই অর্থ পরিচালিত হবে। সংগৃহীত অর্থের ৪০ শতাংশ ব্যয় করা হবে বর্জ্য সংগ্রহ, শৌচাগার নির্মাণ এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতিতে। ২০ শতাংশ বরাদ্দ থাকবে পার্বত্য তৃণভূমি, হাঁটার রাস্তা, ঝরনা এবং বনাঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারের কাজে। স্থানীয় মানুষের কর্মসংস্থান, ‘মাউন্টেন মিত্র’ বা পরিবেশরক্ষী নিয়োগ, বৈদ্যুতিক যানবাহনের পরিকাঠামো এবং পর্যটকদের গাইড প্রশিক্ষণের জন্য খরচ করা হবে আরও ২০ শতাংশ অর্থ। পর্যটকদের নিরাপত্তা, উদ্ধারকাজ এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থার জন্য বরাদ্দ থাকবে ১০ শতাংশ। বাকি ১০ শতাংশ ব্যয় হবে পরিবেশ পর্যবেক্ষণ, ডিজিটাল পরিকাঠামো এবং প্রশাসনিক কাজে।
প্রস্তাবিত এই ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৭৫০ কোটি টাকা আয় হতে পারে বলে অনুমান করা হয়েছে। শুধু পরিবেশ কর নয়, পার্বত্য অঞ্চলে ট্রেকিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ চালুর প্রস্তাব রয়েছে খসড়ায়। ৩০০০ মিটারের বেশি উচ্চতায় সমস্ত ট্রেকিং ও অভিযানের জন্য আগাম নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি, লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় গাইড ছাড়া ওই সমস্ত অভিযানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।- ফাইল চিত্র



