জম্মু-কাশ্মীরের স্কুলে যৌথ সাফাইয়ের প্রস্তাব, হাত লাগাবেন শিক্ষক-পড়ুয়ারা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: অনিয়ন্ত্রিত পর্যটন। জঞ্জালের স্তূপ। বিপন্ন বাস্তুতন্ত্র। বাড়ছে বিপদ। ভবিষ্যতের বিপর্যয় এড়াতে অভিনব উদ্যোগ জম্মু ও কাশ্মীরে। লক্ষ্য, পাহাড়ের স্বচ্ছতা ফিরিয়ে উন্নয়নকে পরিবেশবন্ধব করে তোলা। আর এই প্রচেষ্টার সূতিকাগৃহ হিসাবে কাজ করবে ক্লাসরুমগুলি। অনুপ্রেরণা জাপান। আরও স্পষ্ট করে বললে, জাপানি স্কুলগুলিতে প্রচলিত ‘ও-সোজি’ অনুশীলন। সেই লক্ষ্যেই তৈরি হয়েছে পার্বত্য অঞ্চলের সুসংহত উন্নয়ন নীতি, ২০২৬-এর খসড়া। নেপথ্যে শের-ই কাশ্মীর ইউনিভার্সিসিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অব কাশ্মীর (এককেইউএএসটি-কে)। সহযোগিতায় ইন্টিগ্রেটেড মাউন্টেন ইনিশিয়েটিভ। সেই খসড়াতেই নিত্যদিনের সাফাইকাজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, পাহাড়কে সাফ-সুতরো করে তোলার চেষ্টা শুরু হচ্ছে একেবারে শ্রেণিকক্ষ থেকে। একটু অন্যভাবে বললে— চ্যারিটি বিগিনস অ্যাট ‘ক্লাসরুম’।

Advertisement

জাপানের ‘ও-সোজি’ অনুশীলন এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সুবিদিত। ‘সূর্যদয়ে’র দেশে রোজ নিয়ম করে নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করেন শিক্ষকরা। সেই কাজে হাত লাগায় ছাত্রছাত্রীরাও। তাতেই অনুপ্রেরণা খুঁজছে জম্মু ও কাশ্মীর। কিন্ডারগার্টেন থেকে শুরু করে সব স্কুলেই শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের প্রধানরা সাফাইয়ের কাজ করবেন নিজেরাই। শ্রেণিকক্ষ, উঠোন ও বাগান পরিষ্কার, খাবারের থালা ধোয়া, শৌচাগারের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে অংশ নেবেন তাঁরা। সাহায্য করবে ছাত্রছাত্রীরাও। প্রস্তাবিত খসড়ার নথিতে বলা হয়েছে, ‘শিশুরা যা দেখে তাই শেখে। পরিচ্ছন্ন পাহাড় গড়ার কাজ শুরু হবে শিক্ষকদের মাধ্যমে। দৃষ্টান্ত গড়বেন তাঁরাই। শিশুরা যখন দেখবে স্বয়ং শিক্ষকরা সসম্মানে সাফাইয়ের কাজ করছেন, স্বাভাবিকভাবে তারাও হাত লাগাবে। তারা বুঝতে শিখবে, একাজে কোনো গ্লানি বা মর্যাদাহানি নেই। ক্লাসরুম সাফাই কোনো শাস্তিমূলত পদক্ষেপ নয়।’ খসড়া নথিতে বিদ্যালয়গুলির রোজকার টাইমটেবলে এই অনুশীলন অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে স্কুলশিক্ষা দপ্তরকে। শুধু তাই নয়, এই উদ্যোগ সম্পর্কে অভিভাবকদেরও সচেতন করার কথা বলা হয়েছে। স্কুলে শিশুদের পরিচ্ছন্নতার যে অভ্যাস গড়ে উঠবে, তা যাতে বাড়িতেও বজায় থাকে। এই খসড়া নীতি বিবেচনার জন্য চলতি মাসেই পেশ হয়েছে জম্মু ও কাশ্মীর সরকারের কাছে। সেখানে পর্যটন ও পরিকাঠামো উন্নয়নের কাজেও নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে।