মেন রোডে টোটো, বাড়ছে  বেআইনি অটোর দৌরাত্ম্য, বারুইপুরে পথ অবরোধ চালকদের
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে প্রায় তিন হাজারের বেশি অবৈধ অটো চলাচল করছে। যাদের অনুমতি নেই। কুলপি রোডে চলছে টোটো। বাড়ছে যানজট। এর প্রতিবাদে শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের অফিসের সামনে পথ অবরোধে বসলেন অটো চালকরা। বিজেপির পতাকা নিয়ে রাস্তায় বসে, শুয়ে চলল বিক্ষোভ। তাঁদের দাবি, আমরা বৈধ অটো চালক। অবৈধ অটো বন্ধ করতে বারংবার বারুইপুর আরটিও, বারুইপুর পুলিশ জেলা প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি। টাকার বিনিময়ে টোটো মেন রোডে চলছে। বাড়ছে যানজট। সব দেখে পুলিশ-প্রশাসন নির্বিকার। তাই বাধ্য হয়ে অবরোধে নামতে হয়েছে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, তাঁদের সমস্যা শোনা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

Advertisement

অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে।  অটো চালক অতনু ঘোষ বলেন, বারুইপুরে প্রায় ২২৫০টি বৈধ অটো আছে। কিন্তু অবৈধ অটো আছে ৩ হাজারের বেশি। যাদের কোনো অনুমতি নেই। অন্য রুটের অটো বারুইপুরে ঢুকে যানজট করছে। প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে অবৈধ অটো বন্ধ করার ব্যাপারে। কিন্তু কাজ হয়নি। তাই অবরোধ। আর এক অটো চালক কার্তিক কয়াল বলেন, কুলপি রোডে টোটো চলাচল বন্ধ। কিন্তু প্রশাসনের এক অংশ টাকা খেয়ে টোটোকে অনুমতি দিয়েছে। অবৈধ অটো চলাচলের জেরে যানজট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ না নিলে আগামী দিনে বড়ো আন্দোলন হবে।  নিজস্ব চিত্র