Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘প্রজেক্ট হার্দিক’ই ব্যুমেরাং হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের

বৃহস্পতিবারের ওয়াংখেড়েতে তখনও শেষ হয়নি মুম্বই-চেন্নাই ম্যাচ। হার্দিক পান্ডিয়াদের হার ততক্ষণে কার্যত নিশ্চিত।

‘প্রজেক্ট হার্দিক’ই ব্যুমেরাং হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০

মুম্বই: বৃহস্পতিবারের ওয়াংখেড়েতে তখনও শেষ হয়নি মুম্বই-চেন্নাই ম্যাচ। হার্দিক পান্ডিয়াদের হার ততক্ষণে কার্যত নিশ্চিত। এমন সময় সাইড লাইনের স্টেজ থেকে নেমে সোজা স্টেডিয়ামের মেইন গেটের দিকে হাঁটা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার আকাশ আম্বানি। শুধু তাই নয়, হাত তুলে সমর্থকদেরও বাড়ি যাওয়ার ঈশারা করলেন বেজার মুখে। তাঁর শরীরী ভাষায় অসন্তোষের ছাপ স্পষ্ট। ভিডিয়োটি ভাইরাল হতেই জল্পনা শুরু হয়, তাহলে কি ‘প্রজেক্ট হার্দিকে’ আস্থা হারাচ্ছে ম্যানেজমেন্ট? ৭ ম্যাচে ৫টি হারের পর মুম্বই ক্যাপ্টেন যে চাপের প্রেসার কুকারে, তা বলাই বাহুল্য।

Advertisement

২০২৪ আইপিএলে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেয় নীতা আম্বানির দল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে গত দুই মরশুমে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে দাগ কাটতে ব্যর্থ তারকা অলরাউন্ডার। ২০২৪ সালে টেবিলের তলানিতে। গতবার প্লে-অফে হার। আর এবার তো রীতিমতো ধুঁকছে। দলের ব্যর্থতার সঙ্গে ক্রিকেটার হার্দিকের পারফরম্যান্স গ্রাফও নিম্নমুখী। চলতি আসরে এখনও পর্যন্ত ৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৯৭ রান। বল হাতেও দাগ কাটতে পারছেন না। সেই সঙ্গে তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। ক্রিকেট মহলের অভিমত, প্রজেক্ট হার্দিকই ব্যুমেরাং হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের কাছে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের কথায়, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ওভারে আনকোরা কৃষ ভগতকে কেন বল দেওয়া হল, বোধগম্য হচ্ছে না। ওই সময় হার্দিকের নিজের আসা উচিত ছিল। ও এক দশকেরও বেশি সময় পেশাদার ক্রিকেট খেলছে। ক্যাপ্টেন হিসেবে ওর আরও দায়িত্ব নেওয়া উচিত। তাছাড়া ব্যাট হাতেও ২০২৩ আইপিএলের পর কোনো অর্ধশতরান নেই ওর। বিষয়টা সত্যিই ভাবার মত।’ সবমিলিয়ে প্রশ্নের মুখে মুম্বই ইন্ডিয়ান্সের ‘প্রজেক্ট হার্দিক’।

সম্পর্কিত সংবাদ